Bengal Liberty : পাঁচতারা হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে মর্মান্তিক পরিণতি! বেঙ্গালুরুর একটি বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই বিদেশি নাগরিকের। মৃতদের মধ্যে একজন জার্মান ও অন্যজন স্লোভাকিয়ার বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন এক মার্কিন নাগরিক ও হোটেলের এক কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর হালাসুরু এলাকার পাঁচতারা কনরাড হোটেলের তিনতলায় রয়েছে সুইমিং পুল। শুক্রবার, ৩০ অক্টোবর সন্ধ্যায় সেখানে সাঁতার কাটার সময় দুই বিদেশি নাগরিকের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
মৃতদের পরিচয় হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমে ৫৭ বছর বয়সি জার্মান নাগরিক আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থাইস এবং ৪৫ বছর বয়সি স্লোভাক নাগরিক জুরাজ হরভাটের নাম উঠে এসেছে। জার্মান নাগরিক আলেকজান্ডার লুফথানসা বিমান সংস্থার ক্রু সদস্য ছিলেন বলে খবর। অন্যদিকে, জুরাজ হরভাট প্রযুক্তি সংস্থা আইবিএমের প্রজেক্ট ম্যানেজার ছিলেন বলে জানা গিয়েছে।
আরও খবর
দুই বিদেশি নাগরিককে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আহত হন হোটেলে থাকা ৪১ বছর বয়সি এক মার্কিন অতিথি এবং ২৮ বছর বয়সি ভারতীয় পুল অ্যাটেনড্যান্ট তথা লাইফগার্ড রাহুল তিওয়ারি। তাঁদের দ্রুত মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে দু’জনেই বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে সুইমিং পুলে বিদ্যুৎ সংক্রান্ত কোনও ত্রুটির জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে সুইমিং পুলের আন্ডারওয়াটার লাইটিং ব্যবস্থার সম্ভাব্য ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। তবে ঠিক কী কারণে জলে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছিল, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
এই ঘটনায় হালাসুরু থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সুইমিং পুলের বৈদ্যুতিক সংযোগ, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।
মৃতদের পরিবারের তরফে হোটেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠেছে বলে খবর। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দায় কার, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বিলাসবহুল হোটেলের মতো জায়গায় এমন মর্মান্তিক দুর্ঘটনা স্বাভাবিকভাবেই হোটেলের নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। এখন তদন্তের দিকেই নজর।


