Weather
Weather

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

Bengal Liberty : নভেম্বরের শুরুতেই আবহাওয়ার খামখেয়ালিপনা। রবিবার কলকাতার আকাশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই আবহাওয়ার এই পরিবর্তন বলে মনে করছেন আবহবিদরা।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও রবিবার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২ ও ৩ নভেম্বর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরবর্তী সময়ে আবহাওয়ার উন্নতি হতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রবিবার দুর্যোগের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ২ ও ৩ নভেম্বর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবার ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে। তবে আবহবিদদের পূর্বাভাস, অর্ণবের মতো একইভাবে মুরাসু অন্ধ্রপ্রদেশ উপকূলে হানা দেবে। ২ মে সোমবার ঘূর্ণিঝড় উপকূলের কাছে পৌঁছতে পারে বলে পূর্বাভাস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা আবহবিদদের। এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছতে পারে ঘূর্ণিঝড়টি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।