Afghanistan Hong Kong Cricket Sixers
ইতিহাসের পাতায় আফগানিস্তান! অস্ট্রেলিয়াকে সহজেই হারিয়ে হংকং ক্রিকেট সিক্সেসের ট্রফি জিতল নাইবের দল!

ইতিহাসের পাতায় আফগানিস্তান! অস্ট্রেলিয়াকে সহজেই হারিয়ে হংকং ক্রিকেট সিক্সেসের ট্রফি জিতল নাইবের দল!

Bengal Liberty : ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর—টানা তিন দিন ধরে রোমাঞ্চকর ক্রিকেট প্রতিযোগিতার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। মোট ১২টি দলকে নিয়ে শুরু হয়েছিল এবারের ছোট ফরম্যাটের হংকং ক্রিকেট সিক্সেস ২০২৬। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো তাবড় দল অংশ নিলেও সবাইকে চমকে দিয়ে প্রথমবারের জন্য এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আফগানিস্তান।

গুলবদিন নাইবের নেতৃত্বে ৬ ওভারে ১১৩ রান তাড়া করে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল আফগান বাহিনী।বিগত বেশ কয়েক বছর ধরে হংকং ক্রিকেট সিক্সেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও খুব একটা নজরকাড়া সাফল্য পায়নি আফগানিস্তান। কিন্তু এবারের প্রতিযোগিতায় শুরু থেকেই নিজেদের দাপট দেখিয়েছে তারা।

একদিকে ভারত, পাকিস্তান, ইংল্যান্ডের মতো দলগুলি প্রত্যাশা অনুযায়ী ফল করতে না পারলেও, অন্যদিকে ধাপে ধাপে এগিয়ে ফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ক্রিকেটের মঞ্চে নতুন ইতিহাস গড়ল তারা।

সেই সঙ্গে এই প্রথম কোনও বহুজাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আফগান বাহিনী। এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল রশিদ খানদের। তবে এবার অবশেষে ট্রফি জিতেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল আফগানিস্তান। বুঝিয়ে দিল, শুধু অংশ নিতে নয়, শিরোপা জিততেও মাঠে নামে তারা।

অস্ট্রেলিয়ার ব্যাটিং

৬ ওভারের হংকং ক্রিকেট সিক্সেসের ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবদিন নাইব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ১১২ রান তোলে অস্ট্রেলিয়া। ম্যাক্স ব্রায়ান্টের ৩০ এবং ক্রিস গ্রিনের ৩৫ রানের ইনিংসের সুবাদে লড়াই করার মতো জায়গায় পৌঁছে যায় অজিরা।

জয়ের জন্য ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একবারের জন্যও সমস্যায় পড়তে হয়নি আফগান ব্যাটারদের। ইমরান মীরের ৫৩ রানের ঝোড়ো ইনিংসের পাশাপাশি করিম জানাতের ১৭ রানের গুরুত্বপূর্ণ অবদানে মাত্র ৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। সহজ জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় নাইবের দল।

ক্রিকেট হোক বা জীবন, লড়াইয়ের কোনও বিকল্প নেই—আরও একবার তা প্রমাণ করল আফগানিস্তান। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসের সৌজন্যে আফগানিস্তানের হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। এবার যেন সেই হারেরই মধুর প্রতিশোধ নিল গুলবদিন নাইবের দল।

আগামী দিনে আরও সাফল্যের পথে এগিয়ে যাবে কি আফগানিস্তান? উত্তর দেবে সময়। তবে বিশ্বক্রিকেটে সহযোগী দেশগুলিও যে বড় দলগুলির বিরুদ্ধে নিজেদের শক্তি ও সামর্থ্যের পরিচয় দিচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।