Suvendu Adhikari
‘দিমাগি নকশাল, পরিবারবাদীদের উপড়ে ফেলতে হবে’, কলকাতার সভা থেকে হুঙ্কার শুভেন্দুর

১ লক্ষ ১১ হাজার ১১১ প্রদীপে আলোকিত হবে নিউটাউন! মুখ্যমন্ত্রীর প্রস্তাবে মহাদীপাবলির বিশেষ আয়োজন

Bengal Liberty : আলোর উৎসবে নতুন নজির গড়ার প্রস্তুতি নিউটাউনে। একসঙ্গে ১ লক্ষ ১১ হাজার ১১১টি মাটির প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মহাদীপাবলি উদযাপনের উদ্যোগ নিয়েছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো কমিটি। কালীপুজো ও দীপাবলিকে স্মরণীয় করে তুলতে নিউটাউন মেলা প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উদ্যোক্তাদের দাবি, পশ্চিমবঙ্গে এই প্রথম এত বিপুল সংখ্যক মাটির প্রদীপ জ্বালিয়ে মহাদীপাবলি উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৮ ও ৯ নভেম্বর, দু’দিন ধরে চলবে এই অনুষ্ঠান। ইতিমধ্যেই আয়োজনকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি।

উদ্যোক্তা বরুণ বিশ্বাস জানিয়েছেন, দুর্গাপুজোর সময় নিউটাউন মেলা প্রাঙ্গণে পুজো পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময়ই নিউটাউনে মহাদীপাবলি আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাবকে সামনে রেখেই এই বিশেষ উদ্যোগের পরিকল্পনা করা হয়েছে। এরপর থেকেই অনুষ্ঠানকে বাস্তবায়িত করতে তৎপর হয়েছেন আয়োজকরা। বর্তমানে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি এবং অন্যান্য নিয়মকানুন সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর উদ্যোগও নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে নবান্নে আমন্ত্রণপত্র পাঠানোর প্রস্তুতি চলছে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৮ নভেম্বর সন্ধ্যায় একসঙ্গে ১ লক্ষ ১১ হাজার ১১১টি মাটির প্রদীপ প্রজ্বলন করা হবে। একই দিনে ১২ ফুট উচ্চতার কুমোরটুলির প্রতিমা এনে কালীপুজোর আয়োজন করা হবে। বিপুল সংখ্যক প্রদীপের আলোয় সেজে উঠবে গোটা মেলা প্রাঙ্গণ। অন্যদিকে, ৯ নভেম্বর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য মহাভোজের ব্যবস্থাও রাখা হচ্ছে। উৎসবের আকর্ষণ আরও বাড়াতে পরিবেশবান্ধব আতসবাজির প্রদর্শনীর পরিকল্পনাও করেছেন উদ্যোক্তারা।

এই আয়োজনকে কেন্দ্র করে নিউটাউন মেলা প্রাঙ্গণকে বিশেষভাবে সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে। প্রদীপ প্রজ্বলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা এবং দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দিচ্ছেন আয়োজকরা। তবে অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক অনুমতি ও চূড়ান্ত প্রস্তুতির কাজ এখনও বাকি রয়েছে।

সব মিলিয়ে, একসঙ্গে এক লক্ষেরও বেশি মাটির প্রদীপের আলোয় নিউটাউনকে সাজিয়ে তোলার এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। উদ্যোক্তাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে ৮ নভেম্বর সন্ধ্যায় আলোর এক বিশেষ আবহ তৈরি হতে চলেছে নিউটাউন মেলা প্রাঙ্গণে। এখন দেখার, মহাদীপাবলির এই আয়োজন কতটা সাড়া ফেলে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।