Bengal Liberty : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শক্তির আরাধনায় মেতে উঠবে রাজ্যবাসী। পশ্চিমবঙ্গে বারাসতের পাশাপাশি নৈহাটিতেও কালীপুজোর সময় সাধারণ মানুষের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। নৈহাটিতে যে পুজোকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম হয়, তা হল বড় মায়ের পুজো। দুর্গাপুজোর সপ্তমীতে চোরবাগানে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার পুনরাবৃত্তি রুখতে এবার এই পুজো নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রবিবার নৈহাটির বড় মায়ের মন্দির ও বিসর্জনের ঘাট ঘুরে দেখেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। এদিন সকালে বড় মায়ের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী।
মন্ত্রী অর্জুন সিং বলেন, “চোরবাগানের ঘটনা আর হওয়ার কোনও সম্ভাবনা নেই। আমরা আগে থেকে ব্যারিকেড দিয়ে দেব। প্রতিমা কীভাবে বিসর্জন হবে সবটা দেখে নেব। এছাড়া পুলিশ, এনজিও, আমাদের কার্যকর্তা সবই থাকবে।” তিনি আরও বলেন, বড়মার পুজোয় কোনও ভিআইপি কালচার থাকবে না। মায়ের কাছে সকলে সমান। কেউ ভিআইপি নন। মন্ত্রী আরও বলেন, বাইরে দাঁড়িয়েই খুঁটিপুজো দেখলাম। পুরোহিতরা পুজো করছেন। কমিটির লোকজন তাঁকে সাহায্য করছেন। এটাই আমাদের কালচার। এদিন খুঁটিপুজোর সময় অর্জুন সিংয়ের সঙ্গে ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস ঘোষ ও মন্দির কমিটির সদস্যরা। অন্যদিকে, এদিন থেকে শুরু হয়েছে বড়মার প্রতিমা তৈরির কাজ।


