Bengal Liberty : বুধবার ছিল দুর্গাপুজোর দশমী। সেদিনই অনেক বারোয়ারি পুজো কমিটি ও বিভিন্ন বাড়ির প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এই বিষয়ে কলকাতা পুরসভার সাফাই বিভাগের কর্মীদের ততপরতা ছিল চোখে পড়ার মতো। ক্রেন দিয়ে প্রতিমা বিসর্জনের সুবিধা ছিল। কলকাতার নিমতলা ঘাটে এদিন বেশ কয়েকটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের পরে কলকাতার বিভিন্ন ঘাটে পড়েছিল ফুল, মালা সহ বিভিন্ন সামগ্রী। কলকাতা পুরসভার কর্মীরা ততপরতার সঙ্গে বিভিন্ন ঘাট পরিষ্কার করার কাজে নেমে পড়ে। উপস্থিত ছিল কলকাতা পুরসভার প্রচুর সংখ্যক সাফাই বিভাগের কর্মীরা। ঘাট থেকে বিভিন্ন প্রকার সামগ্রী উদ্ধার করে তা যথাযথ স্থানে নিষ্কাশনের ব্যবস্থা করেন।
অন্যদিকে, দুর্গাপুজো চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় এসেছিলেন প্রচুর সংখ্যক সাধারণ মানুষ। তারা প্যান্ডেল হপিংয়ের জন্য কলকাতায় এসেছিলেন। স্বভাবতই কলকাতার বিভিন্ন রাস্তায় পড়েছিল খাবারের প্লেট, খালি জলের বোতল সহ বিভিন্ন সামগ্রী। কলকাতা পুরসভার কর্মীরা বুধবার রাত থেকেই রাস্তায় পড়ে থাকা বিভিন্ন সামগ্রী ও বর্জ্য পরিষ্কারের কাজে নেমে পড়ে। যুদ্ধকালীন ততপরতায় চলে রাস্তা পরিষ্কার করার কাজ। বৃহস্পতিবার সকালের মধ্যেই কলকাতা পুরসভার বিভিন্ন রাস্তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা গিয়েছে বলে মত কলকাতা পুরসভার সাফাই বিভাগের আধিকারিকদের। বেশ কয়েকটি রাস্তায় আবর্জনা থাকলেও বৃহস্পতিবার রাতের মধ্যে তা পরিষ্কার করে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন।


