Bengal Liberty: চার বছর হল, শিবসেনা ভেঙে দুই টুকরো হয়েছে। সাংগঠনিকভাবে যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়েছে বাল ঠাকরের প্রতিষ্ঠিত এই দলটি। তবু দলের ভাঙন ধরার পর তাঁদের সাংগঠনিক শক্তি কেমন আছে তা পরীক্ষা করতে নামছে শিবসেনার দুই শিবির। এবার শিবসেনার দুই গোষ্ঠীই দশেরা উৎসব পালন করবে মুম্বইয়ের দুই জায়গায়। দুই দলই নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে চায়।

জানা গিয়েছে, উদ্ধব ঠাকরের শিবসেনা দাদরে ছত্রপতি শিবাজী পার্কে দশেরা অনুষ্ঠান পালন করবে। এই শিবাজী পার্ক শিবসেনার রাজনৈতিক উত্থানে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৬৬ সালে এই জায়গা থেকেই নিজের প্রথম বক্তৃতা করেছিলেন বালা সাহেব ঠাকরে। ২০১২ সালে বালাসাহেবের প্রয়াণ পর্যন্ত এখানেই সভা করে এসেছে শিবসেনা। সংযুক্ত মারাঠা আন্দোলন এই শিবাজী পার্ক থেকেই শুরু হয়েছিল। ২০২২ সালে যখন শিবসেনা দুই ভাগে বিভক্ত হয়, তখন কে এই জায়গায় সভা করবে তা নিয়ে শিবসেনার দুটি গোষ্ঠীর মধ্যে বিরোধ বাধে। শেষ পর্যন্ত তা আদালতের দোরগোড়া পর্যন্ত যায়।
আদালতের তরফে শিবসেনাকে এই শিবাজী পার্কে সভা করার অনুমতি দেওয়া হয়। সেই বছর শিবসেনার অপর গোষ্ঠীকে বান্দ্র-কুর্লা কমপ্লেক্সের মাঠে সভা করার অনুমতি দেওয়া হয়। তারপর থেকে একনাথ শিন্ডে গোষ্ঠীর তরফ থেকে আর শিবাজী পার্কে সভা করার দাবি জানানো হয়নি। চলতি বছরেও এই একই ট্রাডিশন অব্যাহত রয়েছে। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার পর এখন তিনি মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর দায়িত্বে। যেহেতু তাঁর নেতৃত্বাধীন জোট ক্ষমতার বৃত্তের মধ্যে রয়েছে তাই একনাথের সঙ্গে শিবসেনার দলীয় কর্মীদের একাংশ থাকবে সেটাই স্বাভাবিক। তাই এবারে তাঁদের শিবাজী পার্কে সভা করতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা ছিল না। তবে দশেরা উৎসব যেহেতু শিবসেনার রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উৎসব তাই এদিন তাঁদের সভায় কত বেশি লোক জমায়েত করা যায়, সেদিকেই নজর রয়েছে একনাথ শিবিরের।
আরও খবর

অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে মুম্বইতে পথে নেমে সিজেপি ও ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের শরিক যেহেতু উদ্ধব ঠাকরের শিবসেনা, তাই তারাও সিজেপির আন্দোলন সমর্থন করে রাস্তায় নেমেছে। আগামী দিনে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সংগঠন প্রয়োজন। সেকথা বিলক্ষন বোঝেন উদ্ধব ঠাকরে। আর সেই কথা মাথায় রেখে সাংগঠনিক শক্তিকে ঝালিয়ে নিয়ে মাঠে নেমেছে উদ্ধব গোষ্ঠী। দশেরার অনুষ্ঠানকে তারা ভালোভাবে পালন করতে চায়। এখন এই প্রতিযোগিতায় শিবসেনার কোন গোষ্ঠী এগিয়ে থাকে এখন সেটাই দেখার।


