Durga Puja
Durga Puja

দুর্গাপ্রতিমা বিসর্জনে ২৭ ঘাটে নজরদারি, মোতায়েন ৬১১ পুরকর্মী

Bengal Liberty : দুর্গাপুজোর শেষে প্রতিমা নিরঞ্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ প্রস্তুতি কলকাতা পুরসভার। বুধবার, ২১ অক্টোবর থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত শহরের ২৭টি ঘাটে দিনরাত বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। এই কাজে পুরসভার বিভিন্ন বিভাগ থেকে মোট ৬১১ জন কর্মীকে মোতায়েন করা হয়েছে। বুধবার প্রকাশিত পুরসভার প্রেস বিজ্ঞপ্তিতে বিসর্জন ঘিরে নিরাপত্তা, চিকিৎসা, পরিচ্ছন্নতা এবং সাধারণ মানুষের সুবিধার জন্য নেওয়া একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে।

পুরসভার তরফে জানানো হয়েছে, বাজে কদমতলা ঘাট, জাজেস ঘাট, দই ঘাট, নিমতলা ঘাট, আহিরিটোলা ঘাট, বিচালিঘাট, শোভাবাজার ঘাট, রতনবাবু ঘাট, সর্বমঙ্গলা ঘাট এবং কুমোরটুলি ঘাট-সহ মোট ২৭টি ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা থাকছে। গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কলকাতা পুলিশ, কলকাতা পুরসভার উদ্যান, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, আলো, নির্মাণ ও স্বাস্থ্য বিভাগ, সেচ দফতর, বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স বিভাগ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় রাখা হচ্ছে।

চিকিৎসার জন্য ৪৩টি মেডিক্যাল টিম এবং সাতটি অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে। মশাবাহিত রোগের মোকাবিলায় আটটি ভেক্টর কন্ট্রোল টিম কাজ করবে। পাশাপাশি, রতনবাবু ঘাট থেকে বিচালিঘাট পর্যন্ত জলপথে এনডিআরএফের আটটি দল মোতায়েন থাকবে। প্রতিটি দলে ৩৫ জন করে কর্মী থাকবেন। সিভিল ডিফেন্সের ৫৬ জন স্বেচ্ছাসেবকও সাতটি মোটরচালিত নৌকা, লাইফ জ্যাকেট, লাইফ বয়া এবং ডুবুরি নিয়ে প্রস্তুত থাকবেন। এ ছাড়া, ১২টি বায়ো-টয়লেট, ২৮টি পানীয় জলের ট্যাঙ্কার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নির্দেশিকা-সহ মাইকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।