Bengal Liberty : ২০২৭ সালের শুরুতেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ঘর ঘুছোতে আগেই শুরু করেছিল বিজেপি। এবার প্রস্তুতি আরও জোরদার করতে ঝাঁপালো পদ্ম শিবির। এই নির্বাচনকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একটি ব্যাপক ও সুদূর প্রসারী রণকৌশল গ্রহণ করেছে। সম্প্রতি লখনউতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরীর উপস্থিতিতে দলীয় বৈঠকে এই মেগা পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
জানা যাচ্ছে, দীপাবলির পর নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে একটি বিস্তৃত ত্রিস্তরীয় প্রচার অভিযান চালানো হবে। এর অংশ হিসেবে ২০ নভেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের ১৮টি প্রশাসনিকমণ্ডলে বড় বড় রেলি করতে পারেন। ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন অঞ্চলে শীর্ষ নেতাদের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হবে। ৩ নভেম্বর লখনউতে (অবধ অঞ্চল) পদযাত্রা করবেন শিবরাজ সিং চৌহান এবং বারেলিতে (ব্রজ অঞ্চল) জে পি নড্ডা।
৪ নভেম্বর গোরক্ষপুরে নিতিন নবীন এবং প্রয়াগরাজে কেশব প্রসাদ মৌরিয়া। ৫ নভেম্বর গাজিয়াবাদে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কানপুরে ব্রজেশ পাঠক পদযাত্রা করবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশে মোট আসন সংখ্যা ৪০৩, সরকার গঠনের ম্যাজিক ফিগার ২০২। ২০২২ সালের বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেয়েছিল ২৫৫ আসন। বিজেপির জোটসঙ্গী আপনা দল (সোনেলাল) জিতেছিল ১২টি আসন এবং নিশাদ পার্টি জিতেছিল ৬টি আসন। প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি পেয়েছিল ১১১টি আসন। কংগ্রেসের ঝুলিতে ছিল মাত্র ২টি আসন।


