High Court
ডিভিশন বেঞ্চেও ধাক্কা, কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে সিপিএমের মামলা জরুরি ভিত্তিতে শুনল না হাই কোর্ট

ডিভিশন বেঞ্চেও ধাক্কা, কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে সিপিএমের মামলা জরুরি ভিত্তিতে শুনল না হাই কোর্ট

Bengal Liberty : কলকাতা পুরসভার ওয়ার্ডবিন্যাস নিয়ে মামলা দ্রুত শুনতে রাজি হল না কলকাতা হাই কোর্ট। সিঙ্গল বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ দিতে রাজি হয়নি। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার ডিভিশন বেঞ্চে যায় সিপিএম। তারা দ্রুত শুনানি করাতে চায়। হাই কোর্ট সেই আবেদনে সাড়া দেয়নি। ফলে কলকাতা পুরসভার ভোট নিয়ে আপাতত কোনও জটিলতা থাকল না।

কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। গত ১১ সেপ্টেম্বর রাজ্যের নেওয়া ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করেন সিপিএম নেতা দীপু দাস। তাঁর বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপি যাতে রাজনৈতিক সুবিধা পায়, সেই কারণেই এমন সিদ্ধান্ত। এমনকি ওই পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়াটি আইন মেনে করা হয়নি।

পুরসভার কমিশনারের ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য সুপারিশ করার বৈধ ক্ষমতা নেই। এমতাবস্থায় ভোট ঘোষণার আগে রাজ্যের জারি করা ওয়ার্ডবিন্যাসের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ চায় সিপিএম। ওই আবেদনে নাকচ করে গত সপ্তাহে হাই কোর্ট জানায়, ওয়ার্ডের খসড়া প্রকাশের সময় মামলাকারী কোনও আপত্তি জানাননি। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের একক বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ দিতে রাজি হয়নি। সব পক্ষের কাছে হলফনামা চেয়েছে আদালত। আগামী এক মাস পরে সেখানে ওই মামলার শুনানি রয়েছে।

সোমবার সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শামিম আহমেদ। তাঁর আশঙ্কা, যে কোনও দিন কলকাতা পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। নির্বাচন ঘোষণা হয়ে গেলে এই মামলার কোনও গুরুত্ব থাকবে না।

মামলাটি দ্রুত শুনতে রাজি হয়নি ডিভিশন বেঞ্চ। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চে মামলাটি গৃহীত হয়েছে। ফলে নির্বাচন ঘোষণা হলে প্রতি মুহূর্তে আদালতের কাছে আসার সুযোগ রয়েছে। তাই এই মুহূর্তে আদালত মনে করছে না যে, এই মামলার পুজো অবকাশকালীন বেঞ্চে জরুরি ভিত্তিতে দায়েরের প্রয়োজন রয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।