Priyo Ranjan Dasmunsi
Priyo Ranjan Dasmunsi

প্রিয়রঞ্জন দাসমুন্সির নামে রাস্তা নামকরণের দাবিতে কলকাতা পুরসভা ও মুখ্যমন্ত্রীকে চিঠি

Bengal Liberty : : এবার প্রিয়রঞ্জন দাসমুন্সির নামে রাস্তার নামকরণের দাবি উঠল। রানী ভবানী রোডে তাঁর বাসভবন থেকে রাসবিহারী মোড় পর্যন্ত রাস্তা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির নামে করার দাবি জানানো হয়েছে। যুব কংগ্রেসের তরফ থেকে রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ এই দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই এই দাবি সম্বলিত চিঠি কলকাতা পুরসভার রাস্তা নামকরণ কমিটির সভাপতি কার্তিক মহারাজের কাছে জমা দেওয়া হয়েছে।

এছাড়াও এই দাবি সম্বলিত একটি চিঠি জমা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। এই চিঠিতে লেখা হয়েছে, আগামী ১৩ নভেম্বর প্রিয়রঞ্জন দাসমুন্সির শুভ জন্মদিবস। তাই ওইদিন শ্রদ্ধার্ঘ্য হিসেবে প্রিয়রঞ্জন দাসমুন্সি সরণী হিসেবে নামাঙ্কিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে। কংগ্রেসের যুব সভাপতি আরও জানিয়েছেন, বাংলার এই মহান সুসন্তানের দেশজ জোড়া অবদানকে স্বীকৃতি জানিয়ে রাজ্য সরকার ও কলকাতা পুরসংস্থার রাস্তার নামকরণ কমিটি এই প্রস্তাবটি অবিলম্বে গ্রহণ করবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ সম্পন্ন করবে। এই বিষয়ে এখনও পর্যন্ত কলকাতা পুরসভার তরফ থেকে কিছু জানানো হয়নি। কলকাতা পুরসভার রাস্তা নামকরণ কমিটির প্রধান কার্তিক মহারাজ জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।