Indranil Sen
লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরিকে! আর্থিক তছরুপের শিকড়ের খোঁজে তদন্তকারীরা

ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারায় মামলা যুক্ত করার আর্জি পুলিশের! নজরে সম্পত্তি ও আর্থিক লেনদেন

ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে দুর্গাপুজোর টিকিট বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে ইন্দ্রনীল সেনের ‘মাস আর্ট’ সংস্থার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পরে আর্থিক লেনদেনের সূত্র ধরে পৃথকভাবে তদন্তে নামে ইডিও। গত ২৮ অক্টোবর ইডি দফতরে হাজিরা দিতে গেলে সেখান থেকেই ইন্দ্রনীলকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

তদন্তকারীদের নজরে এবার ইন্দ্রনীলের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একাধিক সংস্থার আর্থিক লেনদেন। ইন্দ্রনীলের স্ত্রী মধুচ্ছন্দা সেনকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার তাঁর মেয়ে আভেরি সেনকেও লালবাজারে তলব করা হয়েছে বলে খবর। তদন্তকারীদের দাবি, আভেরির মালিকানাধীন ‘আই-এস্কেপ’ এবং ‘মায়েরা’ নামে দুটি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘মাস আর্ট’-এর নামে সংগৃহীত অর্থের লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়াও সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে আর্থিক লেনদেনের যে অভিযোগ উঠেছে, তার সঙ্গে ওই দুই সংস্থার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।

ফলে দুর্গাপুজোর টিকিট বিক্রির অভিযোগের গণ্ডি ছাড়িয়ে এখন ইন্দ্রনীলের সম্পত্তি এবং অর্থের উৎস অনুসন্ধানেই বিশেষ গুরুত্ব দিচ্ছে কলকাতা পুলিশ। পাশাপাশি তাঁর বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।

Bengal Liberty