Indranil Sen
ইন্দ্রনীল সেন এবং মধুছন্দা সেন

ইন্দ্রনীল-মধুছন্দার মধ্যে মতানৈক্য, জেরায় বিস্ফোরক দাবি স্ত্রীর! এবার লালবাজারে তলব মেয়েকেও

Bengal Liberty : মাস আর্ট-কাণ্ডের তদন্তে এবার ইন্দ্রনীল সেনের পরিবারের সদস্যদের ঘিরে তদন্তের পরিধি আরও বাড়াল লালবাজার। ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনকে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা। পুলিশি জেরায় মধুছন্দার দাবি, স্বামী ইন্দ্রনীল তাঁর কথা শুনতেন না। দু’জনের মধ্যে একাধিক বিষয়ে মতানৈক্যও ছিল। তদন্তকারীদের অনুমান, এই পারিবারিক সমীকরণের পাশাপাশি আর্থিক লেনদেনের সূত্র ধরেও তদন্তে নতুন দিশা মিলতে পারে।

দুর্গাপুজোর পাস সংক্রান্ত বিষয়েও মধুছন্দার বয়ান নিয়েছে পুলিশ। ওই পাস কীভাবে তৈরি হয়েছিল, কারা তা ব্যবহার করেছিলেন এবং এই ঘটনায় কার কী ভূমিকা ছিল, সে বিষয়ে তাঁর কাছে জানতে চান তদন্তকারীরা। ইন্দ্রনীলের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ এবং বিভিন্ন বিষয়ে মতবিরোধের প্রসঙ্গও জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বলে খবর।

তবে তদন্ত এখানেই থেমে থাকছে না। এবার ইন্দ্রনীল ও মধুছন্দার মেয়েকেও তলব করেছে লালবাজার। মঙ্গলবার বেলা ২টোয় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। তদন্তকারীদের নজরে রয়েছে মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টও। ওই অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক আর্থিক লেনদেন হয়েছে কি না, হলে তার উৎস কী এবং সংশ্লিষ্ট লেনদেনের সঙ্গে মাস আর্ট-কাণ্ডের কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

এদিকে, এই ঘটনায় এফআইআরে নাম থাকা বাকি অভিযুক্তদেরও পর্যায়ক্রমে তলব করার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের। লালবাজার সূত্রে খবর, প্রত্যেককে আলাদা করে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান ও আর্থিক লেনদেনের তথ্যের মধ্যে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

সব মিলিয়ে মাস আর্ট-কাণ্ডের তদন্তে এবার ইন্দ্রনীলের পারিবারিক পরিমণ্ডল এবং আর্থিক লেনদেনের একাধিক সূত্রকে পাশাপাশি রেখে এগোতে চাইছেন তদন্তকারীরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।