THIEF
ফ্রিজ খুলে কেক খেল তিন চোর! তারপর বাড়ি সাফ করে চম্পট

ফ্রিজ খুলে কেক খেল তিন চোর! তারপর বাড়ি সাফ করে চম্পট

Bengal Liberty : কথায় আছে, ‘আগে ভোজন, তার পরে ভজন।’ চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে এই প্রবাদকেই যেন বাস্তবে প্রমাণ করল তিন চোর। ফ্রিজ খুলে জন্মদিনের কেক খেল তারা। তারপর বাড়ির মূল্যবান সামগ্রী হাতিয়ে চম্পট দিল তিন দুষ্কৃতী। চুরির এমন অভিনব কাণ্ড দেখে কার্যত হতবাক বাড়ির মালিক থেকে শুরু করে তদন্তকারী পুলিশ আধিকারিকরা। গোটা ঘটনাই ধরা পড়েছে বাড়ির ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে জানালা ভেঙে ভিতরে ঢোকে তিন যুবক। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, প্রত্যেকের মুখ কালো কাপড়ে ঢাকা। বাড়ির ড্রয়িংরুমে ঢুকেই ফ্রিজ খুলে ফেলে এক দুষ্কৃতী। সেখান থেকে কেক বের করে খেতে শুরু করে তারা। বেশ কিছুক্ষণ ধরে কেক খাওয়ার পর ফের চুরির কাজে নামে তিন যুবক। এরপর বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশি চালাতে শুরু করে তারা।

অভিযোগ, বাড়ি থেকে মূল্যবান রত্ন, বিদেশি মুদ্রা, ডলার-সহ একাধিক দামি সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার সামগ্রী খোয়া গিয়েছে বলে দাবি পরিবারের। বাড়ির ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে তিন দুষ্কৃতীর গতিবিধি এবং চুরির মুহূর্ত। সেই ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে তদন্তে নামে নরেন্দ্রপুর থানার পুলিশ। কীভাবে বাড়ির নিরাপত্তা এড়িয়ে দুষ্কৃতীরা ভিতরে ঢুকল এবং চুরি হওয়া সামগ্রী কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।