Bengal Liberty: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এখনই জামিন নয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। তাঁর জামিনের আবেদন পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সেখানে ১৫ দিন পরে হবে সুজিতের মামলার শুনানি। মঙ্গলবার বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রসন্ন বি বরলের বেঞ্চ জানায়, আগামী ১৬ নভেম্বর রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জামিনের মামলা শুনবে আদালত। মামলায় ইডিকে নোটিস দিতেও বলেছে সুপ্রিম কোর্ট।
গত ১১ মে সুজিতকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর বিরুদ্ধে পুরনিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার অভিযোগ রয়েছে। জামিন চেয়ে হাই কোর্টে মামলা করেন তিনি। গত ১৩ অক্টোবর তাঁর আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের রায়, তদন্তের বর্তমান অবস্থায় জামিন দেওয়া যাবে না প্রাক্তন মন্ত্রীকে। হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুজিত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানে গত ১৫ অক্টোবর তিনি জামিনের আবেদন করেন। মঙ্গলবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। মামলাটি শুনানির জন্য উঠলে সুপ্রিম কোর্ট জানায়, আপাতত এই মামলার শুনানি হচ্ছে না। ১৫ দিন পরে হবে শুনানি।


