Bengal Liberty: আসন্ন কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে বাজির মজুত, পরিবহণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করল প্রদেশ কংগ্রেস। উৎসবের মরশুমে রাজ্যজুড়ে বাজির অবাধ মজুত ও বিক্রি থেকে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে রাজ্য সরকারকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, উৎসবের আনন্দ যেন কোনও ভাবেই দুর্ঘটনা বা প্রাণহানির কারণ না হয়ে ওঠে, তা নিশ্চিত করতে এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত।
রাজ্য সরকারকে লেখা চিঠিতে সাতটি বিষয়ে স্পষ্ট অবস্থান জানতে চেয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রথমত, জনবসতি থেকে দূরে নির্দিষ্ট বাজি ক্লাস্টার বা বাজি তৈরির কেন্দ্র চিহ্নিত করা হয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি, বাজি ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত ব্যবসায়ীর বৈধ লাইসেন্স রয়েছে কি না এবং তাঁরা নির্ধারিত সুরক্ষাবিধি মেনে চলছেন কি না, তা জানতে চেয়েছেন।
বাজি বাজারগুলিতে পর্যাপ্ত দমকল ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন শুভঙ্কর। একই সঙ্গে পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা বাজির গুদামগুলি পরিদর্শন করেছেন কি না, তা জানতে চেয়েছেন তিনি। অবৈধ ও নিষিদ্ধ বাজির বিক্রি বন্ধ করতে প্রশাসনের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাও তাঁর প্রশ্নের তালিকায় রয়েছে।
আরও খবর
এ ছাড়াও বাজি বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশিকা যথাযথ ভাবে মানা হচ্ছে কি না, তা জানতে চেয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। জেলাশাসক এবং পুলিশ সুপারদের এ বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
কংগ্রেসের বক্তব্য, উৎসবের আগে বাজির বাজার ও গুদামগুলিতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা জরুরি। সামান্য অসতর্কতা থেকেও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আগাম সতর্কতা, প্রশাসনিক নজরদারি এবং আইন মেনে বাজি বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস। সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপ করা উচিত বলে মনে করছেন শুভঙ্কর।


