Bengal Liberty: ভোটার তালিকায় নতুন নাম তোলা নিয়ে বিতর্কে ইতি টানতে আসরে নামল নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধনে ফর্ম-৬ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল তারা। পিছু হটে কমিশন জানায়, আগে ভোটার তালিকায় নাম থাকলেও, প্রথম বার ভোটার হচ্ছেন বলে কেউ দাবি করলে তার মধ্যে অন্যায় দেখা হবে না। নাম তোলার ফর্মের স্বীকারোক্তি নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। জনপ্রতিনিধি আইন মেনে ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করা হবে না বলে কমিশন জানিয়েছে।
এর আগে কমিশন জানিয়েছিল, ওই ফর্ম পূরণের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘোষণাপত্রে জানাতে হবে প্রথম বার ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। সেখানে মিথ্যা তথ্য দিলে আইনানুগ পদক্ষেপ করা হবে। কমিশনের এই সিদ্ধান্ত ঘিরেই বিতর্ক তৈরি হয়। কারণ, আগে ভোটার তালিকায় নাম ছিল। এসআইআরের খসড়া তালিকায় পরে নাম বাদ গিয়েছে। এমতাবস্থায় পুনরায় ভোটার তালিকায় নাম ফেরাতে ফর্ম-৬ পূরণ করতে হয়। নাম তোলার এটিই একমাত্র রাস্তা। প্রশ্ন ওঠে, তবে কি প্রথম বার ভোটার হচ্ছেন নাম বাদ পড়াদের এই ঘোষণা মিথ্যা হিসেবে ধরা হবে? এর দরুন কমিশন চাইলে ওই ভোটারদের শাস্তির মুখেও ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। কমিশনের এমন দ্বিমুখী অবস্থান নিয়ে সরব হন বিরোধীরাও।
ওই বিষয়ে বিভ্রান্তি দূর করতেই বিজ্ঞপ্তি জারি বলে জানায় কমিশন। তাদের বক্তব্য, এমন সব ক্ষেত্রে ভোটারদের ঘোষণা মিথ্যা বলে গণ্য হবে না। এমনকি কোনও পদক্ষেপও করা হবে না তাঁদের বিরুদ্ধে। ফলে বিষয়টি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। একই সঙ্গে শর্তও বেঁধে দিয়েছে কমিশন। তারা জানিয়েছে, ওই ব্যক্তির নাম অন্য কোনও লোকসভা বা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় থাকা চলবে না। মঙ্গলবার সব রাজ্যের সিইও অফিসে চিঠি বিষয়টি স্পষ্ট করতে নির্দেশ দেয় নির্বাচন সদন। তারা জানায়, ভোটারদের বোঝার সুবিধার্থে স্থানীয় ভাষায় এই বিষয়টি প্রচার করতে হবে সিইও-দের।


