কখনও আকাশজুড়ে মেঘের আনাগোনা, কখনও ঝিরঝিরে বৃষ্টি, আবার কখনও রোদ ঝলমলে আকাশ। আবহাওয়ার এমন খামখেয়ালিপনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলার। একদিন বৃষ্টির দাপট তো পরের দিনই শুষ্ক আবহাওয়া। বর্ষার বিদায়পর্ব শেষ হলেও বৃষ্টির চোখরাঙানি এখনও অব্যাহত। আর এই বৃষ্টির দাপটেই কি শীতের আগমন আটকে রয়েছে? নভেম্বরের শুরু হয়ে গেলেও শীতের আমেজ সেভাবে অনুভূত হচ্ছে না। বুধবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে শীতের অপেক্ষার মধ্যেই আবহাওয়ার এই বদল নিয়ে কৌতূহল বাড়ছে।
কলকাতার আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সকালের দিকে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার পর থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে পর্যন্ত কলকাতায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে।
আরও খবর
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা ও হাওড়ার পাশাপাশি বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ফলে রাজ্যের সর্বত্র একরকম আবহাওয়া না থাকলেও বুধবার কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।


