Bengal Liberty: দিল্লির রামলীলা ময়দানে ১ নভেম্বর ২০২৬ তারিখে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল। রাহুল গান্ধীর নির্দেশ ছিল, প্রত্যেককে হাজিরা দিতে হবে রামলীলা ময়দানে। ‘না’ বলা যাবে না। এমন কড়া নির্দেশিকা সত্ত্বেও দিল্লির ওই কর্মসূচিতে গরহাজির কংগ্রেসের একঝাঁক নেতা-কর্মী। যাঁরা বিনা নোটিশে বা কোনো কারণ না জানিয়ে অনুপস্থিত ছিলেন, তাঁদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে হাত শিবির। সূত্রের খবর, দেশজুড়ে যুব কংগ্রেসের অন্তত ৫০০ নেতাকে শাস্তি দেওয়া হবে। ইতিমধ্যেই এই শাস্তির কোপে পড়েছেন অন্তত ৮০ জন।
জানা গিয়েছে, যুব কংগ্রেসের কর্মীদের হাজিরার হিসাব রাখার জন্য বারকোডের ব্যবস্থা করা হয়েছিল রামলীলা ময়দানে। ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের অ্যাপে প্রত্যেক পদাধিকারী এবং তাঁদের সঙ্গী দলীয় কর্মীদের হাজিরা নথিভুক্ত করা হয়। সভা শেষে যুব কংগ্রেস জানিয়েছে, অন্তত পনেরো হাজার কর্মী এসেছিলেন মিছিলে। কিন্তু অ্যাপে নাম নথিভুক্ত করেছেন মাত্র ২৮৩১ জন। তারপর থেকেই দলের অন্দরে প্রশ্ন উঠছে, উপস্থিতির সংখ্যায় এতখানি হেরফের হয় কী করে? যুব কর্মীদের একাংশ অবশ্য এ বিষয়ে যুক্তি দিয়ে জানান, ওই এলাকায় ইন্টারনেটের গতি কম থাকার কারণে অনেকেই রেজিস্টার করাতে পারেননি।
দলের প্রেসিডেন্ট উদয়ভানু চিব রীতিমতো করা ভাষায় সাফ জানিয়েছেন, নির্দেশিকা থাকা সত্ত্বেও দেশজুড়ে রামলীলা ময়দানে যুব কংগ্রেসের অনুপস্থিত পদাধিকারীদের বিরুদ্ধে এবার খড়গহস্ত হবে দল। সূত্রের খবর, ইতিমধ্যেই তাদের তালিকা তৈরি হচ্ছে। যারা উপযুক্ত কারণ দর্শাতে পারছেন না, তাঁদের শাস্তি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশের ৬০ জন, হিমাচল প্রদেশের ১৩ জন এবং হরিয়ানার ১০ জনকে সাসপেন্ড করা হয়েছে। তালিকায় রয়েছেন বাংলার বেশ কয়েকজন যুবনেতাও। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওইদিন দিল্লির রামলীলা ময়দানে বিরোধী শিবিরের ভোট বাঁচাও, দেশ বাঁচাও কর্মসূচির ডাক দিয়েছিল ইন্ডিয়া জোট। সেখানে ইন্ডিয়া জোটের একাধিক নেতা হাজির ছিলেন। সভায় লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছিল বলে দাবি কংগ্রেসের। যদিও সেই দাবি মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, এআই দিয়ে ভিড়ের ছবি বানিয়েছে হাত শিবির। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও হাত শিবিরের বিরুদ্ধে রামলীলা ময়দানের সমাবেশের ভিড় দেখাতে এআই-জেনারেটেড বা কৃত্রিম ভুয়ো ছবি ব্যবহারের অভিযোগ তুলেছেন।


