ধৃত শুভকে ১৩ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত
ধৃত শুভকে ১৩ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত

মাস আর্ট ও পুজোর পাস বিক্রির নামে আর্থিক জালিয়াতির অভিযোগ! ধৃত শুভকে ১৩ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত, ফ্রিজ ২৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট

আদালতে ধ্রুবজ্যোতির আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলকে পুলিশ গ্রেফতার করেনি, বরং তিনি নিজেই আত্মসমর্পণ করেছেন। পুলিশের দাবি, লালবাজারের পাশের একটি বিল্ডিং থেকে শুভকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আইনজীবীর বক্তব্য, পুলিশের কাছে যাওয়ার আগেই সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ইমেল করে তদন্তে সহযোগিতা করার ইচ্ছার কথা জানিয়েছিলেন তাঁর মক্কেল। এমনকী, পুলিশকেও ইমেল করে তদন্তে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল। তাঁর আরও দাবি, শুভ আগে থেকেই সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিলেন। পুলিশ জাল নথি ব্যবহারের অভিযোগ তুললেও এখনও তার কোনও প্রমাণ দেখাতে পারেনি। তাই তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত তাঁর মক্কেল বলে আদালতে জানান আইনজীবী।

অন্যদিকে, অভিযোগকারীর আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, এই মামলায় প্রাক্তন মন্ত্রীও গ্রেফতার হয়েছেন। ইন্দ্রনীল স্ত্রীকে সামনে রেখে দুর্গাপুজোকে বাণিজ্যিক রূপ দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ইউনেস্কোর তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট উদ্যোগের সঙ্গে সংস্থার কোনও সম্পর্ক নেই। ইন্দ্রনীলকে এই কর্মকাণ্ডের মূল মাথা বা ‘কিংপিন’ বলে উল্লেখ করে অভিযোগকারীর আইনজীবী বলেন, বিভিন্ন বিষয়কে সামনে রেখে টাকা তোলা হয়েছে। সেই সমস্ত লেনদেনের তদন্ত প্রয়োজন।

সরকারি আইনজীবীও জামিনের বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, ইন্দ্রনীলদের দাবি, ২০২৫ সালে ইউনেস্কোর সঙ্গে তাঁদের চুক্তি হয়েছিল। কিন্তু তার আগেই জালিয়াতি করে ইউনেস্কোর লোগো ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। এই আর্থিক লেনদেনের নেপথ্যে কারা রয়েছেন, তা জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানায় পুলিশ। শেষ পর্যন্ত ১৩ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Bengal Liberty