Bengal Liberty: মদ্যপ অবস্থায় বেপরোয়া বাইক চালানোকে কেন্দ্র করে বচসা। আর সেই বচসার জেরেই কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। এমনকী হেলমেট দিয়ে পুলিশকর্মীর মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে ইকো পার্ক থানার পুলিশ। ধৃত তিনজনই পেশায় শিক্ষক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার তাঁদের বারাসত আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে নিউটাউনের নপাড়া এলাকায় একটি বাইকে করে যাচ্ছিলেন তিন যুবক। অভিযোগ, তাঁরা মত্ত অবস্থায় রাস্তার উল্টো দিক দিয়ে যাওয়ার সময় একটি অ্যাপ ক্যাবকে ধাক্কা মারেন। এরপর ক্যাব চালকের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। অভিযোগ, ওই পুলিশকর্মীর সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন তিন যুবক।
বচসা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ট্রাফিক সার্জেন্টকে রাস্তায় ফেলে মারধর করেন ওই তিন যুবক। এমনকী হেলমেট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। ঘটনায় পুলিশকর্মী আহত হন।
আরও খবর
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ। সেখান থেকেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মনমোহন বেহেরা, নীতীশ কুমার সাউ এবং শুভজিৎ চক্রবর্তী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনমোহন ও নীতীশের বাড়ি ওড়িশায়। অন্যদিকে, শুভজিৎ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। কর্মসূত্রে তিনজনই নিউটাউন এলাকায় থাকতেন।
পুলিশের দাবি, ধৃত তিনজনই নিউটাউনের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। ঘটনার পর তাঁদের শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। মদ্যপ অবস্থায় তাঁরা বাইক চালাচ্ছিলেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, কর্তব্যরত পুলিশকর্মীর উপর ঠিক কী কারণে হামলা চালানো হল, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।


