কলকাতা হাই কোর্ট
Kolkata High Court

ধোঁয়াশায় কলকাতা-সহ ৭ পুরসভার ভোট, এখনই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে না কমিশন

ভোটার তালিকা তৈরি করে জাতীয় নির্বাচন কমিশন। তাদের কাছ থেকে তালিকা নিয়ে ভোট করায় রাজ্যের কমিশন। নিয়ম মোতাবেক, নির্বাচন ঘোষণার পরে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যায়। অর্থাৎ, সেই সময় থেকে নতুন করে কোনও ভোটারের নাম বাদ বা মুছে দেওয়া যায় না। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত একই অবস্থায় ভোটার তালিকার রাখতে হয়। রাজ্য নির্বাচন কমিশনের পরিকল্পনা ছিল, নভেম্বর মাসেই ভোট হবে। সেই মতো তারা গত জুলাই মাসের ভোটার তালিকা ধরে প্রস্তুতি নেয়। সেই অনুযায়ী আগামী বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কমিশন জানিয়েছিল, জুলাই মাসের তালিকা এবং পরে নতুন ভোটারদের যুক্ত করে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। দুটো মিলিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করে হবে পুরভোট।

এখনই চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়ায় আরও বেশি সংখ্যক ভোটার পুরভোটে যুক্ত হতে পারবেন। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহের শেষে ভোট ঘোষণার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি হলে অক্টোবর মাসের ‘আপডেট’ তালিকা ধরে ভোট হবে। প্রসঙ্গত, কোন পুরসভায় কবে ভোট হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় রাজ্য। কলকাতার সঙ্গে হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং পুরসভায় ভোট করাতে চায় কমিশন। এখন রাজ্য কী সিদ্ধান্ত নেয় সে দিকেই তাকিয়ে তারা।

Bengal Liberty