সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। কার্তিক মাসের মাঝামাঝি সময়ে ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়ার চরিত্র। হালকা শিশিরের ছোঁয়া আর শুষ্ক নাতিশীতোষ্ণ আবহাওয়ায় হেমন্তের উপস্থিতি স্পষ্ট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। তবে বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কলকাতার আবহাওয়া
শুক্রবার সকালে কলকাতার আকাশে হালকা মেঘের দেখা মিললেও বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। সারাদিন মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোর ও সকালের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকবে। একইভাবে সন্ধ্যার পরও তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের হালকা অনুভূতি বাড়বে। আজ কলকাতায় সর্বচ্চ আবহাওয়া থাকবে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
কালীপুজোর প্রথম দিন অর্থাৎ রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সপ্তাহান্তে আরও কিছুটা নামতে পারে পারদ। তবে কালীপুজোর পরদিন সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আরও খবর
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার দক্ষিণবঙ্গে সকাল, সন্ধ্যা হেমন্তের হিমেল হাওয়া অনুভূত হবে। আকাশ হালকা মেঘলা হলেও শুষ্ক আবহাওয়া বিরাজমান দক্ষিণবঙ্গ।
একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সর্বত্র বৃষ্টির সম্ভাবনা নেই। বিচ্ছিন্নভাবে দু-এক জায়গায় বৃষ্টির দেখা মিলতে পারে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আট জেলাতেই আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সব মিলিয়ে রাজ্যজুড়েই আপাতত হেমন্তের মনোরম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।


