Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গে ফিরছে শীতের আমেজ, উত্তরবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি! রবিবার কোথায় বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ধীরে ধীরে উন্নতি হবে। তবে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আবহাওয়ার এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে নিম্নচাপের দুর্বল হয়ে পড়া। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে তৈরি গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আগামী দিনে সেটি আরও দুর্বল হবে বলে পূর্বাভাস। ফলে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে দুর্যোগের প্রভাব কমবে। আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যে শীতের আমেজ বাড়তে পারে।

দক্ষিণবঙ্গে স্বস্তির ইঙ্গিত মিললেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে। ফলে রবিবার উত্তরবঙ্গের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।