শুভেন্দু অধিকারী সরকার
শুভেন্দু অধিকারী সরকার

২৫টি বিশ্ববিদ্যালয়, ৩টি শিক্ষাবোর্ডের কর্মীরাও সপ্তম বেতন কমিশনের আওতায়, ঘোষণা শুভেন্দু সরকারের

অর্থ দফতরের ২২ জুলাই ও ২৯ জুলাইয়ের দু’টি প্রস্তাবের ভিত্তিতে গঠিত হয়েছে পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন। রাজ্য সরকারি কর্মীদের বর্তমান বেতন ও ভাতা কাঠামো পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছিল এই কমিশনকে। এবার সেই দায়িত্বের পরিধি আরও বাড়ানো হল। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ মোট ২৫টি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা এই পর্যালোচনার আওতায় আসছেন।

এই তালিকায় রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এবং আলিয়া বিশ্ববিদ্যালয়-সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।

শুধু বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরাই নন, রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা বোর্ডের নিয়মিত কর্মীদের বেতন কাঠামো ও চাকরির শর্তও পর্যালোচনা করবে সপ্তম বেতন কমিশন। এই তিনটি সংস্থা হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ।

অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে কমিশনকে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মীদের বেতন কতটা বাড়তে পারে, নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে কিংবা বকেয়া পাওনা মেটানোর বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। ফলে আপাতত বেতনবৃদ্ধির হার বা কার্যকর হওয়ার সময়সীমা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। কমিশনের সুপারিশ জমা পড়ার পরেই এই বিষয়ে রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে।

Bengal Liberty