অভিষেককে বিঁধে বিস্ফোরক পোস্ট বিধায়ক কুণালের
অভিষেককে বিঁধে বিস্ফোরক পোস্ট বিধায়ক কুণালের

ক্ষমতা যেতেই উধাও ‘দাদার অনুগামীরা’! অভিষেককে বিঁধে বিস্ফোরক পোস্ট বিধায়ক কুণালের

ফেসবুক পোস্টে কুণাল লিখেছেন, গত বছর পর্যন্ত অভিষেকের জন্মদিনে তাঁর বাড়ির সামনে যাঁদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যেত, যাঁরা ‘দাদা দাদা’ বলে তাঁর কাছে যাওয়ার চেষ্টা করতেন, কেক খাইয়ে ছবি পোস্ট করতেন কিংবা উপহার নিয়ে হাজির হতেন, তাঁদের অনেকেই আজ অন্য শিবিরে। ৪ মে পর্যন্ত যাঁরা অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, ক্ষমতার সমীকরণ বদলাতেই তাঁরাই নিজেদের অবস্থান পাল্টেছেন বলে অভিযোগ কুণালের। তাঁদের ‘ধান্দাবাজ’, ‘বেইমান’, ‘গদ্দার’ এবং ‘সুবিধাবাদী’ বলেও তীব্র আক্রমণ করেছেন তিনি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, কুণালের এই পোস্টের তাৎপর্য শুধু দলবদলুদের আক্রমণের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং অভিষেকের রাজনৈতিক ঘনিষ্ঠদের একাংশের বর্তমান অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একসময় তৃণমূলের অন্দরে অভিষেক-ঘনিষ্ঠ ও মমতা-ঘনিষ্ঠ শিবিরের সমীকরণ নিয়ে বিস্তর আলোচনা ছিল। এমনকি বিধানসভা নির্বাচনে বেলেঘাটা কেন্দ্রের প্রার্থী নির্বাচন ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। অভিষেক-ঘনিষ্ঠ জীবন সাহাকে ওই কেন্দ্রে প্রার্থী করার আগ্রহ এবং শেষ পর্যন্ত কুণাল ঘোষের টিকিট পাওয়া নিয়ে টানাপোড়েনের প্রসঙ্গও সামনে এসেছিল। কুণাল বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত।

সেই পুরনো দ্বন্দ্বের আবহে কুণালের এই পোস্টকে অভিষেক শিবিরের প্রতি পরোক্ষ খোঁচা হিসেবেও দেখছে রাজনৈতিক মহল। বিশেষ করে ক্ষমতার বাইরে গিয়েও যাঁরা দলের সঙ্গে রয়েছেন, তাঁদের সঙ্গে একসময় অভিষেককে ঘিরে থাকা সুবিধাবাদীদের তুলনা টেনেছেন কুণাল। অভিষেকের জন্মদিনে তাঁর বাড়ির সামনে হামলার ঘটনার পর তাঁর পাশে থাকা এবং না-থাকা নেতাদের নিয়েই কি দলের অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত দিলেন বেলেঘাটার বিধায়ক? উঠছে সেই প্রশ্নও।

উল্লেখ্য, তৃণমূল ক্ষমতা হারানোর পর দলেও একাধিক শিবির তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বহু নেতা-বিধায়কও কালীঘাটের নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। বিদ্রোহীদের অভিযোগ, মমতা থেকে অভিষেক—দলের পরিচালন পদ্ধতিতে এমন এককেন্দ্রিকতা তৈরি হয়েছিল, যা পুরনো নেতাদের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছিল। সেই আবহে কুণালের অবস্থানও তাৎপর্যপূর্ণ। অভিষেকের সঙ্গে দূরত্ব থাকলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ ছাড়েননি। কুণালের সাম্প্রতিক মন্তব্যে বারবার উঠে এসেছে, অভিষেকের ব্যক্তিত্বের চেয়ে তাঁর ক্ষমতা ও রাজনৈতিক পদের আকর্ষণেই মজেছিলেন একসময়ের ‘দাদার অনুগামী’ বলে পরিচিত সুবিধাভোগীরা। তাই ক্ষমতার পালাবদল হতেই মৌমাছির মতো ভিড় করা সেই অনুগামীদের অনেকেই উধাও হয়েছেন বলে কটাক্ষ তাঁর।

Bengal Liberty