এবার অভিষেককে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং
এবার অভিষেককে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং

হোমিওপ্যাথিতে কাজ হবে না, এবার অ্যালোপ্যাথি ওষুধ দিতে হবে, অভিষেককে কটাক্ষ অর্জুনের

অর্জুনের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ বার সঠিক জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। তাঁর ধমকানি-চমকানি আর কেউ সহ্য করবে না। একই সঙ্গে দলের কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, অভিষেককে জবাব দেওয়ার জন্য সকলকে তৈরি থাকতে হবে। অর্থাৎ, রাজনৈতিক লড়াইয়ে আর নরম মনোভাব নয়, বরং পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়ার কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

অভিষেকের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে প্রমাণ প্রকাশের চ্যালেঞ্জও ছুড়ে দেন অর্জুন। তাঁর দাবি, অভিষেকের কাছে যদি কোনও প্রমাণ থাকে, তা হলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করুন। সংবাদমাধ্যমে প্রাসঙ্গিকতা বজায় রাখতেই অভিষেক এই ধরনের মন্তব্য করছেন বলেও কটাক্ষ করেন তিনি। অর্জুনের বক্তব্য, সংবাদমাধ্যমে টিকে থাকার জন্যই এমন মন্তব্য করা হচ্ছে।

এখানেই থেমে থাকেননি মন্ত্রী। অভিষেককে কটাক্ষ করতে গিয়ে ওষুধের প্রসঙ্গও টেনে আনেন তিনি। অর্জুনের কথায়, অভিষেকের যে ওষুধ প্রয়োজন, তা দেওয়া হচ্ছে না। হোমিওপ্যাথিক ওষুধেও আর কাজ হবে না। এ বার তাঁকে অ্যালোপ্যাথি ওষুধ দিতে হবে। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

উল্লেখ্য, গতকাল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে সরব হন অভিষেক। বিচারব্যবস্থা ও প্রশাসনের ভূমিকা নিয়েও তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এ বার পাল্টা আক্রমণ শানালেন অর্জুন সিং।

অভিষেকের মন্তব্যের জবাবে অর্জুনের এই কড়া অবস্থান রাজ্যের রাজনৈতিক সংঘাতকে আরও উস্কে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ করে দলীয় কর্মীদের প্রস্তুত হওয়ার বার্তা ঘিরে আগামী দিনে রাজনৈতিক উত্তেজনা কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

Bengal Liberty