Suevndu Adhikari
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

“পুরনো সরকারের হয়ে ক্ষমা চাইছি”, দীপাবলিতে সেনা ক্যাম্পে জওয়ানদের সঙ্গে উৎসব পালন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Bengal Liberty : এমন ছবি আগে দেখেনি বাংলার রাজনৈতিক মহল। দীপাবলির দিন পরিবার ছেড়ে সীমান্ত পাহারায় থাকা বিএসএফ জওয়ানদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন তিনি। নিজের হাতে জওয়ানদের মিষ্টি খাওয়ালেন, গোলাপ ফুল ও বিশেষ উপহারও তুলে দিলেন। একইসঙ্গে অতীতের সরকারের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমাও চাইলেন মুখ্যমন্ত্রী। ক্ষমতার পালাবদলের পর দীপাবলিতে হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে মুখ্যমন্ত্রীর এই উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন ছবি।

রবিবার হিঙ্গলগঞ্জের ৭৪ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্পে পৌঁছন শুভেন্দু অধিকারী। সেখানে আয়োজিত ‘প্রহরি শান্তি ভাব’ কর্মসূচিতে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের আধিকারিক এবং বিএসএফের উচ্চপদস্থ কর্তারা। জওয়ানদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, দীপাবলিতে কেউ একা থাকবেন না। যাঁরা পরিবার ছেড়ে দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করছেন, তাঁদের সঙ্গেও উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া প্রয়োজন। সেই ভাবনা থেকেই এই বিশেষ উদ্যোগ।

Suvendu Adhikari
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথ ও আদর্শ অনুসরণ করার কথাও জানান শুভেন্দু। একইসঙ্গে আগের সরকারের হয়ে বিএসএফের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আগের সরকারের এই দুষ্কর্মের জন্য আমি ক্ষমা চাইছি।” অতীতে বিএসএফ ও সিআরপিএফের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং অসহযোগিতার প্রসঙ্গও তোলেন তিনি। পুরনো ঘটনা ভুলে নতুন করে সম্পর্ক গড়ে তোলার বার্তা দেন।

সীমান্ত সুরক্ষায় জমি ও পরিকাঠামোর বিষয়টিও উঠে আসে তাঁর বক্তব্যে। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি, সীমান্তবর্তী থানার সংখ্যা বৃদ্ধি, পরিকাঠামো এবং পুলিশকর্মীর সংখ্যা বাড়ানোর আশ্বাস দেন তিনি। রাজ্যে নতুন পুলিশ নিয়োগের পরিকল্পনার কথাও জানান। বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ অভিযানের প্রশংসা করে অনুপ্রবেশ ও মাদক পাচার রুখতে সমন্বয়ের উপর জোর দেন। সেই সঙ্গে বিগত কয়েক দিনে সেনা অভিযানে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করায় সেনাদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিএসএফ ক্যাম্পের কর্মসূচি শেষে হিঙ্গলগঞ্জ থানায় যান মুখ্যমন্ত্রী। সেখানে কালীপুজোর মণ্ডপে উপস্থিত হয়ে নিজের হাতে দেবীর আরতি করেন। এরপর থানার পাশেই প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।