Narendra Modi
দীপাবলিতে ভারতকে শুভেচ্ছাবার্তা বিশ্বের একাধিক দেশের! ট্রাম্প থেকে ম্যাক্রোঁ, তালিকায় পাকিস্তানও

দীপাবলিতে ভারতকে শুভেচ্ছাবার্তা বিশ্বের একাধিক দেশের! ট্রাম্প থেকে ম্যাক্রোঁ, তালিকায় পাকিস্তানও

Bengal Liberty : আলোর উৎসব দীপাবলি। রবিবার, ৮ নভেম্বর গোটা ভারতজুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব । আর এই বিশেষ উৎসবকে কেন্দ্র করে ভারতীয়দের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিল বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা। আমেরিকা থেকে সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স থেকে পাকিস্তান—বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের শুভেচ্ছাবার্তায় উঠে এল শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা।

শুভেচ্ছা জানালেন কোন কোন দেশের রাষ্ট্রনেতারা?

দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানের আয়োজনেও অংশ নেন তিনি। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুমও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতীয়দের উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের বার্তায় উঠে এসেছে আশা, ঐক্য এবং মানবিকতার কথা।

এবারের দীপাবলিতে বিশেষভাবে নজর কেড়েছে পাকিস্তানের শুভেচ্ছাবার্তা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি হিন্দু সম্প্রদায়ের মানুষদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। শেহবাজ শরিফ তাঁর বার্তায় ঘৃণা ও অসহিষ্ণুতার অন্ধকার দূর করে শান্তিপূর্ণ সহাবস্থান এবং ধর্মীয় সম্প্রীতির উপর জোর দিয়েছেন। এছাড়াও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে, গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি এবং রাশিয়ার কূটনৈতিক প্রতিনিধিরাও শুভেচ্ছা জানিয়েছেন।

শুধু রাষ্ট্রপ্রধানরাই নন, ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও দীপাবলির আনন্দে শামিল হয়েছেন। নরওয়ের রাষ্ট্রদূত মে-এলিন স্টেনার, জার্মানির রাষ্ট্রদূত ইয়াসপার ভিক এবং ডেনমার্কের রাষ্ট্রদূত রাসমুস আবিল্ডগার্ড ক্রিস্টেনসেন শুভেচ্ছা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জঁ-এরিক পাকে-ও নিজের দীপাবলি উদযাপনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। বিশ্বের নানাপ্রান্তে অশুভ শক্তির বিরুদ্ধে সামিল হয়েছে গোটা বিশ্ব। আগামীদিনে কূটনৈতিক দিক দিয়ে ভারতের অবস্থান আরও কতটা শক্তিশালী হতে পারে সেইদিকেই অবশ্যই থাকবে নজর।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।