বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে জোড়া পদক ভারতের!
বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে জোড়া পদক ভারতের!

বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে জোড়া পদক ভারতের! ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতলেন নিভেদিতা

Bengal Liberty : আন্তর্জাতিক মঞ্চে ফের একবার দেশের মুখ উজ্জ্বল করলেন ভারতীয় শুটাররা। ২০২৬ সালের ISSF বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল শুটিংয়ে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের নিভেদিতা নায়ার। পাশাপাশি দলগত বিভাগেও রুপোর পদক নিজেদের ঝুলিতে পুরে নিল ভারতীয় দল।

মহিলাদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেন নিভেদিতা। মোট ৫৬৭-১৩এক্স স্কোর করে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। এই ইভেন্টে সোনা জিতেছেন চিনের জিয়াও জিয়ারুইসুয়ান (৫৬৯-১০এক্স) এবং রুপো পেয়েছেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর (৫৬৮-১৩এক্স)। অন্যদিকে, ভারতের মনভি জৈন অষ্টম এবং সিমরনপ্রীত কৌর ব্রার দশম স্থান অর্জন করেন।

শুধু ব্যক্তিগত বিভাগেই নয়, দলগত বিভাগেও নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে ভারতীয় মহিলা শুটিং দল। নিভেদিতা নায়ার, মনভি জৈন এবং সিমরনপ্রীত কৌর ব্রারের সম্মিলিত স্কোর ১৬৮২-৩৩এক্স। এই স্কোরের সুবাদেই দ্বিতীয় স্থান অর্জন করে রুপোর পদক জিতে নেয় ভারত। অন্যদিকে, ১৬৯৮-৪৩এক্স স্কোর করে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছে চিন। ১৬৭৬-৩০এক্স স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছে হাঙ্গেরি।

দোহায় চলতি ISSF বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে এই জোড়া সাফল্যের ফলে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে রয়েছে একটি সোনা, পাঁচটি রুপো এবং একটি ব্রোঞ্জ। নিভেদিতার ব্যক্তিগত সাফল্য এবং ভারতীয় দলের রুপোর পদক নিঃসন্দেহে দেশের শুটিং জগতে আরও এক উল্লেখযোগ্য অধ্যায় যোগ করল।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।