Kalighat
ধৃত ৩ জনকে নিয়ে চলল ঘটনার পুনর্নির্মাণ

কালীঘাট-কাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে চলল ঘটনার পুনর্নির্মাণ, উঁকিও মারলেন না অভিষেক!

তবে, পুলিশের এই ঘোরানোর পদ্ধতি ক্রমেই অভিষেক অনুগামীদের ‘ঘরানা’ হয়ে উঠছে। প্রথমে অভিষেকের পরম অনুগামী শওকত মোল্লাকে গ্রেফতার করে হওয়ায় চটি আর হাফ প্যান্টে ঘোরানো হয়। ভাঙড়ে বোমা বিস্ফোরণ, ধর্ষণ ও খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে তাঁকে জীবনতলা বাজারে ঘোরান পুলিশ। লিস্টে ছিলেন ‘পুষ্পা’-ও। ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানকেও পুলিশ গ্রেফতার করার পর হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরান। পুনরায় পুলিশের জালে তিন অভিষেক ভক্ত। তাঁদেরকেও প্রায় একই ধাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ঘোরানো হল। কিন্তু উঁকি মেরেও দেখলেন না ‘গুরুদেব’ অভিষেক। তাহলে কি গ্রেফতার হলেই অভিষেকের আশীর্বাদধন্য হাত উঠে যায় তাঁর ভক্তদের মাথা থেকে?

গত শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট। তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের বচসা থেকে ধস্তাধস্তি ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। চলে ইট ছোড়াছুড়িও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকর্মীদেরও হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ। অপরদিকে, অভিষেকের দাবি, তাঁদের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনায় কালীঘাট থানায় মোট চারটি মামলা দায়ের হয়। এর মধ্যে দুটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। গুড়িয়া হরি নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের হয়। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৩০-৪০ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে অভিযোগ জানান। অন্যদিকে, অভিষেকও ৩০-৪০ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেও একটি মামলা রুজু হয়।

শুক্রবার রাতের গোলমালের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন তিনজন। ধৃতরা হলেন মহম্মদ তৌকির আলম, মহম্মদ এরশাদ এবং শ্রীদীপ দাস। কালীঘাট তৃণমূলের দাবি, তিনজনই তাদের শিবিরের লোক। ধৃত শ্রীদীপকে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, গুড়িয়া হরির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন তৌকির ও এরশাদ। তবে অভিষেকের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। গত রবিবার ধৃত তিনজনকে আলিপুর আদালতে পেশ করা হয়। বিচারক তাঁদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সংঘর্ষের সূত্রপাত কীভাবে, কারা কারা ওই ঘটনায় যুক্ত ছিলেন এবং পুলিশকে হেনস্থার অভিযোগের পিছনে কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।