CM Suvendu Adhikari
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, সাসপেন্ড কলকাতা মেডিক্যাল কলেজ ফাঁড়ির আইসি

ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। ১৯৯৯ সালে পুলিশে যোগ দেওয়া কর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বাজি পোড়ানো নিয়ে আলোচনা চলছিল। অভিযোগ, সেই আলোচনার মধ্যেই এক পুলিশকর্মী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। তা ঘিরে গ্রুপে তীব্র বিতর্ক শুরু হয়। পরিস্থিতি বুঝে কিছুক্ষণ পরেই সংশ্লিষ্ট পুলিশকর্মী মন্তব্যটি মুছে দেন। পাশাপাশি ক্ষমাও চান। কিন্তু তার আগেই ওই পোস্টের স্ক্রিনশট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরেই বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে। সোমবার পুলিশ কমিশনার অজয় নন্দ ৬৭৮ নম্বর নির্দেশিকা জারি করেন। তাতে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর এখলাক আহমেদকে সাসপেন্ড করার কথা জানানো হয়। নির্দেশিকা অনুযায়ী, ৯ নভেম্বর থেকে তাঁর সাসপেনশন কার্যকর হয়েছে। তদন্ত চলাকালীন সরকারি পদে তাঁর বহাল থাকা জনস্বার্থের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।

নিলম্বিত থাকার সময় তাঁর অর্ধেক বেতন কেটে নেওয়া হবে। তবে নিয়ম অনুযায়ী প্রাপ্য অন্যান্য ভাতা জীবিকা নির্বাহের ভাতা হিসেবে পাবেন তিনি। পাশাপাশি অবিলম্বে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের রিজার্ভ অফিসারের কাছে সরকারি কিট ও সরঞ্জাম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সাসপেনশন বহাল থাকবে।

সরকার বদলের পর থেকেই সরকারি কর্মচারীদের প্রকাশ্যে মতপ্রকাশের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে রাজ্য। চলতি বছরের ২০ মে নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস-সহ রাজ্যের বিভিন্ন স্তরের কর্মীদের সংবাদমাধ্যমে তথ্য আদানপ্রদান, লেখালিখি এবং সংবাদমাধ্যমের অন্যান্য কার্যকলাপে অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। পরের দিন, অর্থাৎ ২১ মে, ওই নির্দেশিকা পরিমার্জন করে জানানো হয়, রাজ্য সরকারের নিয়মিত দফতরের আধিকারিক ও কর্মচারীদের ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে। পুলিশকর্মীরাও এই নিয়মের আওতায় পড়েন। ফলে সমাজমাধ্যমে তাঁদের মতপ্রকাশের ক্ষেত্রেও প্রশাসনিক বিধিনিষেধ রয়েছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।