Bengal Liberty : চপস্টিকই কি হয়ে উঠেছিল খুনের অস্ত্র? গড়িয়ায় লিভ-ইন সঙ্গী সার্থক সরকারকে খুনের ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে একাধিক নতুন তথ্য। এবার ঘটনার পুনর্নির্মাণের জন্য ধৃত সঞ্চালিকা বসু ও তাঁর মাকে গড়িয়ার ওই ফ্ল্যাটে নিয়ে যায় পুলিশ। সেখানে দু’জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এরপর মঙ্গলবার ওই ফ্ল্যাটে পৌঁছয় ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। তাঁদের সঙ্গে ছিলেন একজন ফটোগ্রাফারও। ফ্ল্যাটে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী ও নমুনা সংগ্রহ করেন তাঁরা। ফলে তদন্তে নতুন কোনও সূত্র উঠে আসে কি না, সেদিকেই নজর তদন্তকারীদের।
পুলিশ সূত্রে খবর, সার্থক ও সঞ্চালিকার মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপড়েন চলছিল। তদন্তকারীদের দাবি, সার্থকের সঙ্গে বন্ধুদের যোগাযোগে বাধা দিতেন সঞ্চালিকা। এমনকী, সার্থকের ফোনে থাকা বন্ধুদের নম্বরও ব্লক করে দিয়েছিলেন তিনি। নিজের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ কমানোর জন্যও সার্থককে চাপ দেওয়া হত বলে অভিযোগ মৃতের পরিবারের। শনিবার রাতে মদ্যপ অবস্থায় এই বিষয়গুলি নিয়েই দু’জনের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। এরপর রাগের বশেই সার্থককে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা।
তবে খুনের অস্ত্র নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তদন্তকারীদের দাবি, সঞ্চালিকা বারবার বয়ান বদলে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। কখনও চশমার কাচ, কখনও আবার কাঁচি দিয়ে আত্মহত্যার তত্ত্ব সামনে এনেছেন ধৃত তরুণী। কিন্তু ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া রক্তমাখা চপস্টিক ঘিরে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। সার্থকের শরীরে থাকা ক্ষতচিহ্ন দেখে ময়নাতদন্তকারী চিকিৎসকদের অনুমান, সরু ও সূচালো কোনও বস্তু দিয়ে তাঁকে আঘাত করা হয়েছিল। এরপরই ফ্ল্যাট থেকে রক্তমাখা চপস্টিক উদ্ধার করেন তদন্তকারীরা। এই উদ্ধারের পর খুনের অস্ত্র নিয়ে পুলিশের সন্দেহ আরও জোরাল হয়েছে বলে জানা গিয়েছে।
আরও খবর
এদিকে, মৃতের বাবা সুজয় সরকারের অভিযোগ, ছেলেকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য বারবার বলেছিলেন তাঁরা। মৃত্যুর মাত্র পনেরো দিন আগেও সার্থকের শরীরে একাধিক কাটার দাগ দেখেছিলেন বলে দাবি তাঁর। গোটা ঘটনায় সঞ্চালিকার মায়ের ভূমিকা নিয়েও এখনও ধোঁয়াশা রয়েছে। ফরেনসিক রিপোর্ট এবং উদ্ধার হওয়া সামগ্রীর সূত্র ধরে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন তদন্তকারীরা।


