Bengal Liberty : ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের গ্রেফতারির পর খুলছে তদন্তের নতুন মোড়। ধর্ষণ, তোলাবাজি, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রেফতারির পর আজ, মঙ্গলবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। অপরদিকে, বিমানবন্দরে তাঁর কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা এবং ছ’টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। শুধু তাই নয়, বিধায়কের সঙ্গে থাকা এক সিভিক ভলান্টিয়ারকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, পুলিশের গতিবিধি সংক্রান্ত গোপন তথ্য আগাম পরেশরামের কাছে পৌঁছে দিতেন ওই সিভিক ভলান্টিয়ার। তিনি ইন্টেলিজেন্স ব্রাঞ্চে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর কর্মস্থল ছিল ক্যানিং। কীভাবে বিধায়কের সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়েছিল? পুলিশের গোপন তথ্যই বা কতটা পাচার করা হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
ছ’টি ফোন ও নগদ টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ
সোমবার কলকাতা বিমানবন্দর থেকে পরেশরাম দাসকে গ্রেফতার করে বারুইপুর জেলা পুলিশের বিশেষ দল। মুম্বই যাওয়ার জন্য বিমান ধরতে বিমানবন্দরে পৌঁছেছিলেন তিনি। সেখানেই তাঁকে আটক করা হয়। গ্রেফতারির সময় তাঁর সঙ্গে থাকা জিনিসপত্রে তল্লাশি চালান তদন্তকারীরা। উদ্ধার হয় নগদ ২ লক্ষ টাকা এবং ছ’টি মোবাইল ফোন। পুলিশ সূত্রে খবর, সবকিছুই বাজেয়াপ্ত করা হয়েছে।
কিন্তু একজন বিধায়কের কাছে একসঙ্গে ছ’টি মোবাইল ফোন কেন? কোথা থেকে এল নগদ ২ লক্ষ টাকা? এই দুই প্রশ্নই এখন তদন্তের কেন্দ্রে। উদ্ধার হওয়া ফোনগুলির কল রেকর্ড, যোগাযোগের তালিকা এবং অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কোন ফোন থেকে কার সঙ্গে যোগাযোগ রাখতেন পরেশরাম, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া টাকার উৎস কী এবং এই অর্থের সঙ্গে মামলার কোনও যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর
আটক সিভিক ভলান্টিয়ারও
অপরদিকে, বিমানবন্দরে পরেশরামের সঙ্গে থাকা এক সিভিক ভলান্টিয়ারকেও আটক করেছে পুলিশ। তিনি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর পোস্টিং ছিল ক্যানিংয়ে। অভিযোগ, পুলিশের গতিবিধি এবং তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আগাম বিধায়কের কাছে পৌঁছে দিতেন তিনি।
তদন্তকারীদের সন্দেহ, পরেশরামকে গ্রেফতার করতে পুলিশ কখন, কোথায় অভিযান চালাতে পারে, সেই সংক্রান্ত খবরও ওই সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে তাঁর কাছে পৌঁছত। বিধায়কের সঙ্গে তাঁর কত দিন ধরে এই সম্পর্ক এবং কোনও গোপন তথ্য পাচার করা হয়েছিল কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।


