প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা
প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা

শালবনী জমি কেলেঙ্কারি: ধৃত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে নিয়ে ঘটনাস্থলে সিআইডি, জমি মাপলেন আমিন

সিআইডি সূত্রে খবর, জমি সংক্রান্ত মামলার তদন্তের অংশ হিসেবেই এদিন সুজয় হাজরাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। এর আগে শালবনীতে এই মামলায় ধৃত আরও এক অভিযুক্তকে নিয়ে গিয়ে জায়গা চিহ্নিত করিয়েছিল তদন্তকারী সংস্থা। এবার সুজয় হাজরাকে নিয়ে গিয়ে সংশ্লিষ্ট জমির অবস্থান, মাপ এবং নথিপত্রের সঙ্গে বাস্তব জমির মিল খতিয়ে দেখা হয়।

তদন্তকারীদের হাতে আসা একটি নথি ঘিরেও তদন্তে নতুন তথ্য উঠে এসেছে বলে সিআইডি সূত্রের দাবি। সূত্রের খবর, শালবনী জমি কেলেঙ্কারি মামলায় সুজয় হাজরার স্বাক্ষর করা একটি জাল দলিল তদন্তকারীদের হাতে এসেছে। ওই দলিলে সাক্ষী হিসেবে আরও দু’জনের স্বাক্ষর রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে সুদীপ রায় এবং দেবু দে-র নাম উঠে এসেছে। এই নথি সামনে আসার পরই সুদীপ রায়কে সিআইডির তরফে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

তদন্তকারীদের দাবি, শালবনী থানার সীতারামপুর মৌজার প্রায় ৮৪ ডেসিমেল জমি প্রায় সাড়ে আট লক্ষ টাকায় ঝাড়খণ্ডের বোকারোর এক বাসিন্দার কাছে বিক্রি করা হয়েছিল। সিআইডির প্রাথমিক তদন্তে ওই জমি সরকারি জমি বলে উঠে এসেছে। অভিযোগ, জাল দলিল তৈরি করে সরকারি জমিই বিক্রি করা হয়েছিল।

সূত্রের খবর, ওই জাল দলিলে সাক্ষী হিসেবে সই করেছিলেন সুজয় হাজরা, সুদীপ রায় এবং দেবু দে। নথিটি তদন্তকারীদের হাতে আসার পর সুদীপ রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তবে এখনও তাঁর বক্তব্য জানা যায়নি। তদন্তকারীদের দাবি, মামলাটি সিআইডির হাতে আসার পর থেকেই সুদীপ রায় গা-ঢাকা দিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা গেলে জমি কেলেঙ্কারির আরও কিছু তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

ইতিমধ্যেই শালবনী জমি কেলেঙ্কারি মামলার একটি পর্যায়ে সুজয় হাজরা-সহ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিআইডি। এরপরই গ্রেফতার করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। মেদিনীপুর সিজেএম আদালতে মামলাটির বিচার চলছে। এই মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে সিআইডি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারে বলে সূত্রের খবর।

এদিকে সুমিত রায়ের বিরুদ্ধেও পৃথক দুটি মামলায় তদন্ত চলছে। গড়বেতায় একটি চাকরি দুর্নীতির মামলায় পুলিশ তদন্ত করছে। পাশাপাশি শালবনী থানার একটি বালি কেলেঙ্কারি মামলাতেও তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। সব মিলিয়ে শালবনীর জমি সংক্রান্ত মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন নাম ও নথি সামনে আসছে বলে তদন্তকারী সূত্রে দাবি।

Bengal Liberty