Bengal Liberty : টালার পানীয় জলের পাইপলাইনে ফাটলের জেরে কলকাতার একাধিক এলাকায় জলসংকট চরমে। পুরসভার তরফে আগেই জানানো হয়েছিল, কোন কোন এলাকায় জল সরবরাহ ব্যাহত হতে পারে। কিন্তু অভিযোগ, পুরসভার প্রকাশিত তালিকার বাইরেও উত্তর কলকাতার বেশ কয়েকটি এলাকায় পানীয় জলের সরবরাহ কার্যত বন্ধ। বাগবাজার, বিধান সরণির মতো এলাকা থেকেও জল না পাওয়ার বিস্তর অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে পুরসভার প্রকাশিত হেল্পলাইন নম্বরগুলিতেও যোগাযোগ করতে পারছেন না বলে অভিযোগ ক্ষুব্ধ নাগরিকদের।
অভিযোগ, পুরসভার দেওয়া ল্যান্ডলাইন নম্বরে ফোন করলে ক্রমাগত ব্যস্ত পাওয়া যাচ্ছে। অন্যদিকে, মোবাইল নম্বরেও যোগাযোগ করা যাচ্ছে না। ফলে জলসংকটের মধ্যে সমস্যার কথা জানানোর সুযোগটুকুও পাচ্ছেন না সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত পুর কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি পাওয়া যায়নি। পরিস্থিতির বিস্তারিত জানতে পুর কমিশনারকে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
পুরসভা সূত্রে খবর, জল সরবরাহের মূল পাইপলাইনে দু’টি জায়গায় ফাটল শনাক্ত হয়েছে। একটি টালা ব্রিজের নিচে, অন্যটি রেললাইনের পাশ দিয়ে যাওয়া পাইপলাইনে। অভিযোগ, গতকাল মূলত জমা জল বের করার কাজেই সময় চলে যায়। পাইপলাইন মেরামতের আসল কাজ শুরু হয় আজ সকালে। ফলে এখনও মেরামতির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি।
আরও খবর
এদিকে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জেরে যে এলাকাগুলিতে সমস্যা তৈরি হয়েছিল, সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে পানীয় জলের পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে বলেই আশঙ্কা। পুরসভার তরফে আজ রাতের মধ্যে মেরামতির কাজ শেষ করে জল সরবরাহ চালু করার চেষ্টা চলছে। যদিও প্রাথমিকভাবে জল সরবরাহের গতি ও চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও দু’ থেকে তিন দিন সময় লাগতে পারে বলে জানা গিয়েছে। ফলে আগামী কয়েক দিনও জলসংকটের আশঙ্কায় দিন কাটাতে হতে পারে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের।


