Bengal Liberty : দুর্গাপুজোয় ইডেন গার্ডেন্সে মেগা লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের পর এবার জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে বিশেষ আয়োজন। আগামী ১৩ নভেম্বর চন্দননগরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক তৎপরতা। মুখ্যমন্ত্রীর আগমন এবং সম্ভাব্য অনুষ্ঠানস্থল ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি পরিদর্শনে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি, পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, মহকুমাশাসক-সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। কোথায় কী ধরনের আয়োজন করা হবে, মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথ কী হবে এবং নিরাপত্তার বন্দোবস্ত কেমন থাকবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্ভাব্য অনুষ্ঠানস্থল এবং শহরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাটও ঘুরে দেখেন আধিকারিকরা।
উল্লেখ্য, এবছর দুর্গাপুজোয় কলকাতার ইডেন গার্ডেন্সে বিশেষ লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের আয়োজন হয়েছিল। সেই মেগা আয়োজন ঘিরে দর্শকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছিল। এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতেও আলোর জাদু তুলে ধরার পরিকল্পনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মূল অনুষ্ঠানটি মেরিতে আয়োজন করার প্রস্তুতি চলছে। তবে অনুষ্ঠানসূচি এবং আয়োজনের চূড়ান্ত রূপরেখা সম্পর্কে এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।
আরও খবর
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চন্দননগরের ঐতিহ্যবাহী পুজো এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে বিশেষভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। চন্দননগরের আদি মা দর্শনে মুখ্যমন্ত্রী যেতে পারেন বলে প্রশাসনিক মহলে আলোচনা চলছে। পাশাপাশি হালদার বাগান এলাকাতেও তাঁর যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ওই সমস্ত এলাকার নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখছেন আধিকারিকরা।
এছাড়াও চন্দননগরের ঐতিহ্যবাহী স্ট্যান্ড রোডকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। বিপ্লবীদের ছবি দিয়ে রাস্তার বিভিন্ন অংশ সাজানো হবে। পাশাপাশি আলপনা, নানা ধরনের আলোকসজ্জা এবং বিশেষ সাজসজ্জার মাধ্যমে শহরের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর সম্ভাব্য যাতায়াতের পথ ধরে কোথায় কী ধরনের আলোর ব্যবস্থা করা হবে, তা-ও সরেজমিনে খতিয়ে দেখেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণের প্রস্তুতি চলছে। দুর্গাপুজোর মেগা আয়োজনের পর জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে কী চমক অপেক্ষা করছে, এখন সেদিকেই নজর স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুজোপ্রেমীদের।


