Bengal Liberty : কালীপুজোয় ফের শিরোনামে চোরবাগান মণ্ডপ। দুর্গাপুজোর দুর্ঘটনার আতঙ্ক এখনও কাটেনি। তার মধ্যেই কালীপুজোর রাতে চোরবাগান সর্বজনীনের মণ্ডপের পিছনের অংশে আগুন লাগার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয়দের দাবি, বাজির ফুলকি থেকেই মণ্ডপের পিছনে থাকা প্লাস্টিকে আগুন ধরে যায়। যদিও দ্রুত স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। ফলে বড়সড় বিপদ ঘটার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে খবর, কালীপুজোর রাতে প্রায় ১২টা নাগাদ মণ্ডপের পিছনের দিকে আগুনের ফুলকি দেখতে পান বাসিন্দারা। ওই অংশে খাবারের স্টল তৈরির জন্য একটি কাঠামো তৈরি করা হয়েছিল। সেখানেই প্লাস্টিকের একটি অংশে আগুন ধরে যায় বলে অভিযোগ। স্থানীয়দের অনুমান, কোনও বাজি ছিটকে এসে পড়ার ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাটি নজরে আসতেই দেরি না করে আগুন নেভানোর কাজে হাত লাগান এলাকার বাসিন্দারা। দমকলকে খবর দেওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। পুলিশ সূত্রে খবর, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছেছিল। তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
আরও খবর
স্থানীয়দের বক্তব্য, আগুনের ফুলকি যদি মণ্ডপের অন্য কোনও অংশে গিয়ে পড়ত, তা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। পাশেই অন্য একটি কালীপুজো চলায় এলাকায় যথেষ্ট লোকজনের উপস্থিতি ছিল। তাঁদের তৎপরতার জেরেই দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে বলে দাবি বাসিন্দাদের।
উল্লেখ্য, চোরবাগানের মণ্ডপে দুর্গাপুজোর সময় ঘটে যাওয়া দুর্ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মণ্ডপ খোলা যাবে না বলে জানানো হয়েছে। তার মধ্যেই ফের আগুন লাগার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এলাকায়।


