Bengal Liberty : সামনেই ছটপুজো। তার আগে পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে শহরের বিভিন্ন ঘাট ও কৃত্রিম জলাশয়ের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ নির্দেশিকা জারি করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতা শহরের প্রায় ৫০টি ছোট-বড় জলাশয় ও ঘাট প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পুরমন্ত্রী।
চোরবাগান কাণ্ড থেকে শিক্ষা নিয়ে সমস্ত উৎসবে নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুর ও নগরোন্নয়ন দফতর। পুরমন্ত্রীর নির্দেশ, ছটপুজোর জন্য নির্ধারিত প্রতিটি ঘাটে জলের সীমানা বরাবর বাঁশের ব্যারিকেড অথবা ফ্লোটিং বল দিয়ে ঘেরাটোপ তৈরি করতে হবে। নির্ধারিত সীমানার বাইরে যাতে কোনও পুণ্যার্থী জলে না নামেন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে প্রতিটি ঘাটে একজন করে ডুবুরি এবং একটি করে রেসকিউ বোট রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি থাকবে পুলিশি নজরদারি। শুধু কলকাতা নয়, রাজ্যের সমস্ত জেলাতেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী।
সম্প্রতি ঘাট পরিদর্শনে গিয়ে একাধিক জায়গায় আবর্জনা জমে থাকতে এবং সিঁড়িতে শ্যাওলা দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অগ্নিমিত্রা পাল। পুজোর আগেই ব্লিচিং পাউডার ও চুন দিয়ে ঘাট পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন তিনি। কৃত্রিম জলাশয়গুলিতেও পরিচ্ছন্নতা ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার উদ্যান দফতরকে।
আরও খবর
জলদূষণ রোধ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণের বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পুরমন্ত্রী জানান, আগামী কয়েক দিনের মধ্যেই ঘাট পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। তার আগেই দ্রুততার সঙ্গে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলছে। পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করাই প্রশাসনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পুরমন্ত্রী।


