Suvendu Adhikari
জগদ্ধাত্রী পুজোয় সকলকে সামিল হওয়ার আহ্বান দীপাঞ্জনকুমার গুহের উদ্বোধনে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী

জগদ্ধাত্রী পুজোয় সকলকে সামিল হওয়ার আহ্বান দীপাঞ্জনকুমার গুহের উদ্বোধনে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী

Bengal Liberty : রাজ্যে পালাবদলের পর এই বছরই চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো পেয়েছে ‘রাজ্য উৎসব’-এর মর্যাদা। ফলে এবারের উৎসব ঘিরে বাড়তি উন্মাদনা চন্দননগর জুড়ে। আগামী ১৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন হওয়ার কথা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সম্ভাব্য সফরকে সামনে রেখে ইতিমধ্যেই তৎপর জেলা প্রশাসন।

চন্দননগরের কুঠির মাঠ, স্ট্যান্ড রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা এবং বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শন করেন জেলাশাসক-সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রতি বছরই গঙ্গাপাড়ের এই শহরে ভিড় জমান বহু মানুষ। এ বছর মুখ্যমন্ত্রীর সম্ভাব্য উপস্থিতির কারণে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রের খবর, রানি মার পুজো হিসেবে পরিচিত তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। উৎসবের দিনগুলিতে বিপুল দর্শনার্থীর ভিড় সামাল দিতে কোনওরকম খামতি রাখতে চাইছে না প্রশাসন।

শহরের বিভিন্ন পুজোমণ্ডপ, দর্শনার্থীদের যাতায়াতের পথ, নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিষেবার পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। পরিদর্শন শেষে জেলাশাসক খুরশিদ আলি কাদরী জানান, জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেই এই পরিদর্শন। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ ও দর্শনার্থীরা যাতে কোনওরকম অসুবিধার সম্মুখীন না হন, তা নিশ্চিত করতেই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি উৎসবের উদ্বোধন ঘিরেও থাকছে বিশেষ আয়োজন। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এবারের জগদ্ধাত্রী পুজো। আলোকসজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে গোটা শহর। নতুন করে সাজানো হচ্ছে রাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলি। এমনিতেই আলোর কারুকার্যের জন্য আন্তর্জাতিক পরিচিতি রয়েছে চন্দননগরের। এবার সেই আলোকশিল্পকে আরও বৃহত্তর মঞ্চে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

চন্দননগরের বিধায়ক দীপাঞ্জনকুমার গুহ জানান, এই বছর রাজ্য সরকারের পক্ষ থেকে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে ‘রাজ্য উৎসব’-এর মর্যাদা দেওয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। পাশাপাশি চন্দননগরের ঐতিহ্যবাহী জলভরা সন্দেশও এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে জানান তিনি। জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি শহরের এই বিখ্যাত মিষ্টির ঐতিহ্যকেও বৃহত্তর পরিসরে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। উৎসবে সামিল হওয়ার জন্য রাজ্যবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন বিধায়ক।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।