বাবুনের সঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠতা, ভাইফোঁটা থেকে সরে দাঁড়ালেন মমতা! কুণালের বিবৃতিতে নতুন জল্পনা
বাবুনের সঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠতা, ভাইফোঁটা থেকে সরে দাঁড়ালেন মমতা! কুণালের বিবৃতিতে নতুন জল্পনা

বাবুনের সঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠতা, ভাইফোঁটা থেকে সরে দাঁড়ালেন মমতা! কুণালের বিবৃতিতে নতুন জল্পনা

Bengal Liberty : বিজয়া দশমীর পর এবার ভাইফোঁটাতেও উৎসবের আয়োজন থেকে বিরত থাকছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর কালীঘাটের বাড়িতে ভাইদের নিয়ে ভাইফোঁটার যে পরিচিত ছবি দেখা যায়, এবার তার পুনরাবৃত্তি হচ্ছে না। মঙ্গলবার কুণাল ঘোষের একটি বিবৃতির পরেই বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। বিশেষ করে মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক ঘনিষ্ঠতা সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

কুণাল ঘোষের বিবৃতি অনুযায়ী, বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের উপর হামলা, সন্ত্রাস, পুলিশি জুলুম এবং মিথ্যা অভিযোগে গ্রেফতারের ঘটনা ঘটছে বলে অভিযোগ দলের। সেই পরিস্থিতির প্রতিবাদেই এবার বিজয়া দশমী পালন করেননি মমতা। একই কারণে ভাইফোঁটার অনুষ্ঠানও করবেন না তিনি। যদিও পারিবারিক কালীপুজো বন্ধ করা সম্ভব নয়, তাই নিয়ম মেনে মায়ের পুজো করেছেন নেত্রী। কুণাল জানিয়েছেন, কেউ দেখা করতে আসতেই পারেন। কিন্তু এবার ভাইফোঁটার কোনও আনুষ্ঠানিক আয়োজন হবে না। বিষয়টি নিয়ে বিভ্রান্তির কোনও অবকাশ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

কিন্তু এই সিদ্ধান্তের নেপথ্যে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ রয়েছে কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে। মঙ্গলবারই কালীঘাট শিব শক্তি সংঘের কালীপুজোয় হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাবুন বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সেখানে গিয়ে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ ঘনিষ্ঠভাবে কথা বলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, শুভেন্দুকে ‘দাদা’ বলে সম্বোধন করেন বাবুন। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করার পাশাপাশি পাশে থাকার বার্তাও দেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘটনাকে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখার অবকাশ নেই।

এর আগেই শুভেন্দুর সঙ্গে বাবুনের ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসার পর মমতার তরফে কুণাল ঘোষ জানিয়েছিলেন, বাবুনকে ত্যাজ্য করেছেন নেত্রী। ফলে এবার ভাইফোঁটায় বাবুন দিদির কাছে যাবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শুধু বাবুনই নন, মমতার অন্য দুই ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় ও অজিত বন্দ্যোপাধ্যায়ও এবার ভাইফোঁটায় কালীঘাটে হাজির হবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভাইদের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের আবহে ভাইফোঁটার আয়োজন করলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বাবুন যদি শুভেন্দুর ঘনিষ্ঠ অবস্থান বজায় রাখেন এবং অন্য ভাইয়েরাও উপস্থিত না হন, তাহলে তা রাজনৈতিকভাবে মমতার কাছে অস্বস্তির কারণ হতে পারে। সেই সম্ভাবনা এড়াতেই কি আগেভাগে ভাইফোঁটার অনুষ্ঠান বাতিলের ঘোষণা? উঠছে প্রশ্ন।

যদিও কুণাল ঘোষের বিবৃতিতে এই সিদ্ধান্তের কারণ হিসেবে রাজনৈতিক হিংসা ও কর্মীদের উপর অত্যাচারের অভিযোগকেই সামনে আনা হয়েছে। ভাইদের অনুপস্থিতির আশঙ্কা বা পারিবারিক মনোমালিন্যের কথা সেখানে উল্লেখ করা হয়নি। ফলে একদিকে দলের তরফে প্রতিবাদের ব্যাখ্যা, অন্যদিকে বাবুনের সঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠতা এবং ভাইদের সম্ভাব্য অনুপস্থিতি—সব মিলিয়ে এবারের ভাইফোঁটার আগে নতুন রাজনৈতিক চর্চার কেন্দ্রে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।