Bengal Liberty : আলোর উৎসবের রাতেই চরম শোকের ছায়া নেমে এল মধ্যপ্রদেশে। দীপাবলির রাতে রাজ্যের কাটনি ও সিওনি জেলায় ঘটে যাওয়া দু’টি পৃথক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই মাসের এক শিশু ও চার জন নাবালক-সহ মোট ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাশাপাশি, রাজ্যের ছতরপুর জেলায় বাজি ফাটানো সংক্রান্ত পৃথক একাধিক দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত ৩৫ জন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি পরিষেবা সংক্রান্ত চরম গাফিলতির দিকেই আঙুল তুলছেন স্থানীয় বাসিন্দারা। প্রথম ঘটনাটি ঘটে কাটনি জেলার বরহি শহরের একটি তিনতলা বাড়িতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে ওই বাড়ির একতলায় অবস্থিত একটি বাসনপত্রের দোকানে হঠাৎই আগুন ধরে যায়। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। সেই সময়ে উপরের ঘরে ঘুমিয়ে ছিলেন অগ্রবাল পরিবারের সদস্যরা।
আগুন লাগার পর পরিবারের দু’জন সদস্য কোনও রকমে বাইরে বেরিয়ে আসলেও বাকি ৬ জন ভিতরেই আটকে পড়েন। উদ্ধারকারীরা ভোর সাড়ে ৪টে নাগাদ পুরাণ অগ্রবাল (৭৭) নামে এক বৃদ্ধকে উদ্ধার করতে পারলেও বাকিদের বাঁচানো যায়নি। পরবর্তীতে জেসিবি দিয়ে বাড়ির দেওয়াল ভেঙে উদ্ধার করা হয় বৃদ্ধের স্ত্রী চন্দ্রকলা (৭৪), পুত্রবধূ পুনম (৩৫), দুই নাতি-নাতনি আর্য (১৪) ও অন্বী (৬) এবং দুই মাসের এক শিশুর মৃতদেহ। স্থানীয় প্রশাসনের অনুমান, প্রদীপের শিখা বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রথমে আসা দুটি দমকল ইঞ্জিনের পাইপ ফাটা থাকায় আগুন নেভানোর কাজ ব্যাহত হয়। পরে দূরবর্তী কৈমোর ও কাটনি পুরসভা থেকে ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সিওনি জেলার ছপারা শহরের মহাবীর ওয়ার্ডে। স্বর্ণ ব্যবসায়ী কুন্দনলাল সোনির তিনতলা বাড়িতে রাত ৩টে থেকে ভোর সাড়ে ৪টের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
মহকুমা পুলিশ আধিকারিক অপূর্ব ভলাবী জানান, দুর্ঘটনার সময় সোনি পরিবারের ১০ জন সদস্য ঘুমিয়ে ছিলেন। ঘটনার আকস্মিকতায় তাঁদের বেরিয়ে আসার সুযোগ ছিল না। ঘটনাস্থলেই মৃত্যু হয় গৃহকর্তা কুন্দনলাল সোনি (৭৫), তাঁর স্ত্রী রাজকুমারী সোনি (৬৫), ঋতু সোনি (৪২), স্মৃতি সোনি (৪০), সূর্য সোনি (৪৫) এবং ১৬ বছর বয়সী কিশোর আদিত্য সোনির। অপর চার সদস্যকে জীবিত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোড়া অগ্নিকাণ্ডের পাশাপাশি দীপাবলি উদযাপনের সময় মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় বাজি সংক্রান্ত অসাবধানতার জেরে ঘটে গিয়েছে নানা ছোট বড় দুর্ঘটনা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৩৫ জন গুরুতর অগ্নিদগ্ধ হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও কিশোরদের সংখ্যাই বেশি। উৎসবের রাতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া অগ্নিকাণ্ডে এত জনের মৃত্যু ও বহু মানুষ দগ্ধ হওয়ার ঘটনায় মধ্যপ্রদেশের বিভিন্ন শহরের অগ্নি সুরক্ষা প্রস্তুতি ও প্রশাসনিক নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


