E20 Petrol
E20 বিতর্কে কর্ণাটকের অভিযোগ খারিজ পেট্রোলিয়াম মন্ত্রকের! তথ্য দিয়ে জবাব ভারত পেট্রোলিয়ামের

E20 বিতর্কে কর্ণাটকের অভিযোগ খারিজ পেট্রোলিয়াম মন্ত্রকের! তথ্য দিয়ে জবাব ভারত পেট্রোলিয়ামের

Bengal Liberty : E20 পেট্রোল নিয়ে কেন্দ্র ও কর্ণাটক সরকারের মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে। কর্ণাটকের একাধিক পেট্রোল পাম্পে নির্ধারিত ২০ শতাংশের তুলনায় বেশি ইথানল মেশানো হচ্ছে বলে অভিযোগ তুলেছিল রাজ্য সরকার। এবার সেই অভিযোগ খারিজ করে পাল্টা তথ্য সামনে আনল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তবে এই বিতর্কের মধ্যেই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (BPCL) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

কর্ণাটক সরকারের দাবি ছিল, রাজ্যের কয়েকটি পেট্রোল পাম্পে বিক্রি হওয়া জ্বালানিতে ২৬ থেকে ৩১.২ শতাংশ পর্যন্ত ইথানল পাওয়া গিয়েছে। বেঙ্গালুরু, কোোলার, চিক্কাবল্লাপুর, মাঙ্গালুরু-সহ একাধিক এলাকার নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছিলেন রাজ্যের খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রিজওয়ান আরশাদ।

তবে এই অভিযোগ মানতে নারাজ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। মন্ত্রকের বক্তব্য, ভারতীয় তেল সংস্থাগুলির সরবরাহ করা E20 পেট্রোল নির্ধারিত মানদণ্ড মেনেই তৈরি হচ্ছে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের তরফেও কর্ণাটক সরকারের পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

পেট্রোলিয়াম মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৮৯৩টি পেট্রোলের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষায় প্রতিটি নমুনাতেই নির্ধারিত মানদণ্ড মেনে ইথানলের উপস্থিতি পাওয়া গিয়েছে।

এর মধ্যে কর্ণাটকের ৫৬টি নমুনাও পরীক্ষা করা হয়েছিল। মন্ত্রকের দাবি, সেই নমুনাগুলিতে ইথানলের পরিমাণ ছিল ১৯ থেকে ২০ শতাংশের মধ্যে। অর্থাৎ, কেন্দ্রের দাবি অনুযায়ী, কর্ণাটকে E20 পেট্রোলের নির্ধারিত সীমা লঙ্ঘনের কোনও প্রমাণ মেলেনি। কর্ণাটকের অভিযোগের জবাব দিতে ভারত পেট্রোলিয়াম সোশ্যাল মিডিয়ায় ‘Let the Facts Speak’ নামে প্রচার চালাচ্ছে। কিন্তু সেই প্রচারের মধ্যেই সংস্থার একটি টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

রবিবার মাইসুরুর একটি পেট্রোল পাম্পে ইথানল মিশ্রণের পরীক্ষা সংক্রান্ত ছবি পোস্ট করে BPCL দাবি করেছিল, পেট্রোলে ইথানলের পরিমাণ নির্ধারিত ২০ শতাংশের মধ্যেই রয়েছে। কিন্তু নেটিজেনদের একাংশ ওই ছবির পরীক্ষার ফলাফল দেখে দাবি করেন, সেখানে ইথানলের পরিমাণ প্রায় ৩৩ শতাংশ দেখা যাচ্ছে। সব মিলিয়ে E20 পেট্রোল নিয়ে কেন্দ্র ও কর্ণাটক সরকারের সংঘাতের মধ্যেই BPCL-এর ডিলিট করা পোস্ট নতুন করে বিতর্ক উসকে দিল। এখন এই বিতর্কে শেষ পর্যন্ত কোন পক্ষের দাবি সঠিক প্রমাণিত হয়, সেদিকেই নজর রয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।