Bengal Liberty : ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে বুধবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)-এর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এই হামলায় প্রাথমিকভাবে তিন জন CRPF জওয়ানের আহত হওয়ার খবর সামনে এসেছে। ঘটনার পরেই গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন। আহত জওয়ানদের অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
প্রাথমিক সূত্র অনুযায়ী, বুধবার দুপুর প্রায় ২টা ১৫ মিনিট নাগাদ কুলগাম জেলার আখরান এলাকায় একটি নিরাপত্তা চেকপোস্টে কর্তব্যরত CRPF জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মোটরবাইকে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা। আচমকাই এই হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ দুই জওয়ানকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।
আরও খবর
অন্যদিকে, হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান। হামলাকারীদের সন্ধানে মাঠে নেমেছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাও। পাশাপাশি হামলার পিছনে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই কুলগাম জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। এখনও পর্যন্ত হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এই হামলার সঙ্গে কী জড়িয়ে আছে পাকিস্তান? কাশ্মীরে উত্তেজনা সৃষ্টি করে কী আবারও নতুন কোনও বার্তা দিতে চাইছে নির্দিষ্ট কোনও জঙ্গি সংগঠন? এই নিয়েই উত্তপ্ত ভু রাজনৈতিক মহল।


