Bengal Liberty : ভাইফোঁটার আনন্দের সকালেই বড়সড় রেল দুর্ঘটনা। বুধবার সকাল সাতটা নাগাদ অসমের গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দিগারু স্টেশনের কাছে লাইনচ্যুত হল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। রেল সূত্রে খবর, ট্রেনটির সাতটি কোচ বেলাইন হয়ে গিয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। আহতের সঠিক সংখ্যাও স্পষ্ট নয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিক ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি বিপর্যস্ত রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। কীভাবে চলন্ত ট্রেনটি লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।
লাইন বদলের সময়ই বিপত্তি
রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নির্ধারিত সময়েই গুয়াহাটি স্টেশন ছেড়েছিল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। কিন্তু গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দিগারু স্টেশনের কাছে পৌঁছতেই ঘটে বিপত্তি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, একটি লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সময় পয়েন্ট পরিবর্তনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রেনটি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। দুর্ঘটনার অভিঘাত সবচেয়ে বেশি পড়েছে ট্রেনের সামনের অংশে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে কিছুটা এগিয়ে গিয়ে একদিকে হেলে পড়ে। তার পিছনের কোচটিও বেঁকে গিয়ে আড়াআড়িভাবে চলে যায়। ট্রেনের সাতটি কোচ লাইন থেকে সরে যায় বলে খবর। আচমকা এমন ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণভয়ে ট্রেন থেকে নেমে পড়েন।
যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা রেলের
দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। শুরু হয় উদ্ধারকাজ। আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই কাজে স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়েছেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। আপাতত কোনও মৃত্যুর খবর নেই। অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের সঙ্গে যোগাযোগ করেছে রেল কর্তৃপক্ষ। তাঁদের যাতে দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়া যায়, তার জন্য বিকল্প পরিবহণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ট্রেনে কলকাতা ছাড়াও বহরমপুরের বহু যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
আরও খবর
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সিগন্যালিং বা রেললাইনের পয়েন্ট পরিবর্তনের প্রক্রিয়ায় কোনও সমস্যা ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে বলে রেল সূত্রে খবর। আপাতত উদ্ধারকাজ এবং রেল পরিষেবা স্বাভাবিক করার দিকেই নজর রেল কর্তৃপক্ষের। দুর্ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে এলেই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।


