Bengal Liberty : বরানগরে ২৬ বছরের তরুণী অঞ্জলি সাউয়ের হত্যাকাণ্ডে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রের দাবি, খুনের আগে অঞ্জলিকে নির্মমভাবে মারধর করা হয়েছিল। তদন্তকারীদের অনুমান, ভারী কোনও বস্তু দিয়ে আঘাত কিংবা পরপর কিল-ঘুষি মেরে তাঁর মুখ থেঁতলে দেওয়া হয়ে থাকতে পারে। এমনকী, মৃত্যু নিশ্চিত করতে দেওয়ালে তাঁর মাথা ঠুকে দেওয়া হয়েছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনার পিছনে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
মৃত্যুর আগে ভয়াবহ নির্যাতন
পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর আগে অঞ্জলির উপর শারীরিক নির্যাতনের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। তাঁর মুখের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল তাঁকে। অথবা এলোপাথাড়ি কিল-ঘুষি মারা হয়ে থাকতে পারে। জোর করে দেওয়াল কিংবা শক্ত কোনও বস্তুর সঙ্গে তাঁর মুখে আঘাত করা হয়েছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তাতে মুখের ভিতরের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, এটি নিছক আকস্মিক অপরাধ নয়। বরং পরিকল্পনা করেই অঞ্জলিকে খুন করা হয়ে থাকতে পারে। বরানগর পুলিশ কমিশনারেটের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, তদন্তে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।
খুনের পর উধাও মোবাইল
তদন্তে আরও জানা গিয়েছে, খুনের পর থেকেই অঞ্জলির মোবাইল ফোনটির কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। ফোনের শেষ লোকেশন এবং সেখান থেকে পাঠানো শেষ মেসেজের সূত্র ধরে পুলিশ তল্লাশি চালায়। কিন্তু সেই জায়গায় গিয়েও অভিযুক্তের কোনও সন্ধান মেলেনি। তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, পুলিশকে বিভ্রান্ত করতেই পরিকল্পিতভাবে ওই লোকেশনের সূত্র তৈরি করা হয়ে থাকতে পারে। এদিকে, ঘটনার কিনারা করতে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রের দাবি, ফুটেজ পরীক্ষা করে ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি, এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানারও চেষ্টা করছেন তদন্তকারীরা।


