Bengal Liberty : টালার পানীয় জলের পাইপ ফেটে বিপাকে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই জলসঙ্কট এখনও পুরোপুরি কাটেনি। পরিস্থিতি সামাল দিতে গত তিন দিনে ২৫৪টি জলের গাড়ি পাঠিয়েছে কলকাতা পুরসভা। বুধবার পুরসভার তরফে এই তথ্য জানানো হয়েছে। তবে পাইপের ফাটল মেরামতির কাজ শেষ হতে আরও সাত দিন সময় লাগতে পারে বলে আশঙ্কা করছেন ইঞ্জিনিয়াররা। ফলে আগামী কয়েক দিনও জল নিয়ে দুর্ভোগ চলার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে বিকল্প পাইপলাইন তৈরির কাজ চলছে। একই সঙ্গে বাসিন্দাদের জল অপচয় না করে প্রয়োজনের জন্য জল মজুত রাখার আবেদন জানিয়েছে পুরসভা।
পুরসভার হেল্পলাইনে ২০৯টি ফোন
সোমবার সকাল আটটা নাগাদ টালা ট্যাঙ্কের জল সরবরাহের একটি পাইপ ফেটে যায়। এর জেরে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দেয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে গত তিন দিনে বিভিন্ন এলাকায় জলের গাড়ি পাঠিয়েছে পুরসভা। এখনও পর্যন্ত ১১৯টি বাড়িতে, বিভিন্ন বস্তিতে ১০৯টি এবং একাধিক হাসপাতালে ২৬টি জলের গাড়ি পাঠানো হয়েছে।
জল চেয়ে পুরসভার কাছে অভিযোগও জমা পড়েছে প্রচুর। গত ৭২ ঘণ্টায় হেল্পলাইন নম্বরে ফোন এসেছে ২০৯টি। পুরসভার গ্রিভ্যান্স সেলেও জমা পড়েছে ৯৭টি আবেদন। বুধবারও দিনভর পাইপের ফাটল মেরামতির কাজ চলেছে। এই কাজের জন্য বেলগাছিয়া ও তারাশঙ্কর সরণি সংলগ্ন বিভিন্ন এলাকায় গড়ে ছয় থেকে সাত ঘণ্টা জল সরবরাহ বন্ধ রাখা হয়। পুর-কমিশনার স্মিতা পান্ডে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরও খবর
বিকল্প পাইপলাইন তৈরির কাজ চলছে
পুরসভা সূত্রে খবর, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে বিকল্প পাইপলাইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে ওই বিকল্প লাইন দিয়ে জল সরবরাহের ব্যবস্থা করা হবে। তার পরে মূল পাইপলাইনে জল সরবরাহ বন্ধ রেখে ফাটল মেরামতির কাজ করা হবে। তবে বুধবার পর্যন্ত বিকল্প লাইন তৈরির কাজ পুরোপুরি শেষ হয়নি।সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের অনুমান, পাইপের ফাটল সারিয়ে সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি ফিরতে আরও সাত দিন সময় লাগতে পারে। এই পরিস্থিতিতে বেলগাছিয়া, তারাশঙ্কর সরণি, খেলাতবাবু লেন, পাইকপাড়া, ঘোষবাগান, টালা, শ্যামবাজার, বাগবাজার, কুমোরটুলি ও অহিরীটোলা-সহ উত্তর কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে পুরসভা। পুর-কর্তৃপক্ষের আবেদন, অপ্রয়োজনে জল নষ্ট করা যাবে না। যতটা সম্ভব জল মজুত করে রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী জল ব্যবহার করতে হবে। পাইপলাইন মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে কলকাতা পুরসভা।


