Abhishek Banerjee
অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার

অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার! গুঁড়িয়ে দেওয়া হল অস্থায়ী শেড

বৃহস্পতিবার সকালেই ১২১, কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে যায় কলকাতা পুরসভার কর্মীরা। সঙ্গে ছিল বুলডোজার। ফুটপাথের উপর বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী কাঠামোটি ভেঙে ফেলা হয়। এরপর পুরকর্মীরা বাঁশ এবং শেড তৈরির অন্যান্য সামগ্রী সরিয়ে নিয়ে যান। পরিষ্কার করা হয় গোটা ফুটপাথ। শুধু অস্থায়ী শেড নয়, সাংসদের বাড়ির সীমানা প্রাচীরের ফটকের বাইরের অতিরিক্ত লোহার গেটটিও সরিয়ে ফেলা হয়। গ্যাস কাটার দিয়ে কেটে দেওয়া হয় গেটটি। অভিযোগ, ফুটপাথের জায়গা দখল করেই ওই গেট বসানো হয়েছিল। পুরসভার এই অভিযানে যাত প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।

অভিষেকের বাড়ির সামনের অস্থায়ী শেড নিয়ে গত কয়েক দিন ধরেই বিতর্ক চলছিল। অভিযোগ উঠেছিল, ফুটপাথের উপর শেড তৈরি হওয়ায় সাধারণ পথচারীদের যাতায়াতে সমস্যা হচ্ছিল। গত শুক্রবার রাতে সাংসদের জন্মদিনের অনুষ্ঠান ঘিরেও কালীঘাটে উত্তেজনা ছড়ায়। সেই সময় অস্থায়ী শেডের নীচে বহু মানুষের জমায়েত দেখা গিয়েছিল। বুধবার সন্ধ্যাতেও অভিষেকের বাড়ির সামনে পৌঁছয় পুলিশ। কালীঘাট তৃণমূলের দাবি ছিল, শেড খোলার জন্যই পুলিশ সেখানে গিয়েছিল। যদিও বুধবার অভিষেকের অফিসের কর্মীরাই অস্থায়ী কাঠামো খোলার কাজ শুরু করেছিলেন। তবে পুরোপুরি সরানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার পুরসভার কর্মীরা গিয়ে সম্পূর্ণ কাঠামো ভেঙে ফুটপাথ পরিষ্কার করেন।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।