কালীঘাটে হামলা, নজরদারি থেকে নিরাপত্তার গেট ভাঙা—নির্বাচন কমিশনকে চিঠি অভিষেকের আইনজীবীর!
কালীঘাটে হামলা, নজরদারি থেকে নিরাপত্তার গেট ভাঙা—নির্বাচন কমিশনকে চিঠি অভিষেকের আইনজীবীর!

কালীঘাটে হামলা, নজরদারি থেকে নিরাপত্তার গেট ভাঙা—নির্বাচন কমিশনকে চিঠি অভিষেকের আইনজীবীর!

Bengal Liberty : কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তথা দফতর ঘিরে সাম্প্রতিক ঘটনাক্রম এবার সরাসরি নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অর্ক কুমার নাগ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে গত কয়েক দিনের একাধিক ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়েছেন। কমিশনের কাছে জমা দেওয়ার জন্য দলের প্রস্তুত করা নথি ও হলফনামা যাতে কোনওভাবে হাতিয়ে নেওয়া বা নষ্ট করা না যায়, সেই আশঙ্কার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনে চলতে থাকা রাজনৈতিক দলের নাম ও প্রতীক সংক্রান্ত বিবাদ মামলার শুনানির আগে এই ঘটনাক্রম কমিশনের জানা প্রয়োজন বলে দাবি আইনজীবীর।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৬ ও ৭ নভেম্বরের মধ্যবর্তী রাতে কালীঘাট রোডের ১২১ নম্বর বাড়ি, যেখানে অভিষেকের বাসভবন ও দফতর রয়েছে, সেখানে একদল ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, ঘটনাটি বিচ্ছিন্ন নয়। বরং নির্বাচন কমিশনে চলা বিবাদ মামলার জন্য প্রস্তুত করা নথি, রেকর্ড ও হলফনামা জোর করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই হামলা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন অভিষেক।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, বৃহস্পতিবার ১২ নভেম্বর ভোরে সরকারি আধিকারিকেরা ওই বাড়ির সামনে পৌঁছে পুলিশের তৈরি করা নিরাপত্তার গেট ভেঙে দেন বলে অভিযোগ করা হয়েছে। আগের হামলা এবং পরবর্তী নজরদারির ঘটনাগুলির প্রেক্ষিতে এই পদক্ষেপ অভিষেকের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ নথিপত্রের সুরক্ষা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে বলে দাবি আইনজীবীর।

চিঠিতে আরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বিজেপির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি পুলিশের একাংশের সহযোগিতা বা মদতে ফের ওই বাড়িতে ঢোকার চেষ্টা করতে পারেন। তাঁদের উদ্দেশ্য হতে পারে নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা নথি ও হলফনামা জোর করে দখল করা। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য চিঠিতে নেই।

নির্বাচন কমিশনের কাছে আইনজীবীর আবেদন, ৬-৭ নভেম্বরের হামলা, ১০ ও ১১ নভেম্বরের নজরদারি এবং ১২ নভেম্বর নিরাপত্তার গেট ভাঙার ঘটনাগুলি যেন আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়। পাশাপাশি, কমিশনের কাছে জমা দেওয়ার জন্য প্রস্তুত নথি ও হলফনামার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ারও আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের কাছে বিচারাধীন ডিসপিউট কেস নম্বর ১/২০২৬-কে কেন্দ্র করেই এই চিঠি। তৃণমূলের পক্ষ থেকে ওই মামলায় নিজেদের বক্তব্য ও প্রমাণ পেশের প্রস্তুতি চলছে। আইনজীবীর দাবি, এই ধরনের ঘটনা বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। তাই শুনানির আগে কালীঘাটের সাম্প্রতিক ঘটনাক্রম কমিশনের আনুষ্ঠানিকভাবে জানা জরুরি। চিঠির সঙ্গে নজরদারি ও হামলার একাধিক ভিডিয়ো এবং সোশ্যাল মিডিয়া পোস্টের লিঙ্কও সংযুক্ত করা হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।