Air India
কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান হাইজ্যাকের হুমকি

আফ্রিকা সফর এড়াতে বিমানে হাইজ্যাকের নাটক, গ্রেফতার যাত্রী!

শৌচাগারে থাকা চিরকূটে হাইজ্যাকের হুমকি

বুধবার, ভাইফোঁটার দিন সকালে কলকাতা বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানে উঠে পড়েছিলেন যাত্রীরা। উড়ানের প্রস্তুতি নিচ্ছিলেন পাইলটও। ঠিক সেই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাইলটের কাছে আসে বিশেষ বার্তা। জানানো হয়, ওই বিমানে হাইজ্যাকের হুমকি রয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, বিমানের শৌচাগার থেকে একটি চিরকূট উদ্ধার হয়েছে। তাতে লেখা ছিল, বিমানটি ছিনতাই করা হবে। এই খবর পেয়েই তড়িঘড়ি উড়ান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে বিমানটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানে থাকা সমস্ত যাত্রীকে নামিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যান নিরাপত্তাকর্মীরা।

হঠাৎ এমন হুমকিবার্তা ঘিরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় তল্লাশি ও তদন্ত। ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নামে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশনের আধিকারিকরা। বিমানে থাকা ১০৫ জন যাত্রীর হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। উদ্ধার হওয়া চিরকূটের লেখার সঙ্গে সেই নমুনা মিলিয়ে দেখা শুরু হয়।

হাতের লেখার সূত্রেই ধরা পড়লেন পার্থপ্রতীম

তদন্তে হাতের লেখার সূত্র ধরেই সন্দেহ গিয়ে পড়ে বিমানের এক যাত্রীর উপর। বছর ৫৫-র ওই যাত্রীর নাম পার্থপ্রতীম নন্দী। তিনি সোদপুরের বাসিন্দা। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পরে জেরার মুখে নিজের কৃতকর্মের কথা স্বীকার করেন তিনি। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, চিরকূটে ইংরেজি ব্লক লেটারে হুমকিবার্তা লেখা হয়েছিল। লেখার জন্য ব্যবহার করা হয়েছিল মানিব্যাগের ভিতরে রাখা ছোট কাগজ। সেই সূত্র ধরেই তদন্তকারীরা অভিযুক্তের কাছে পৌঁছন।

জিজ্ঞাসাবাদে পার্থপ্রতীম জানান, অফিসের কাজে তাঁকে আফ্রিকার একটি দেশে পাঠানোর পরিকল্পনা করেছিল সংস্থা। কিন্তু তিনি সেখানে যেতে রাজি ছিলেন না। তাঁর ধারণা ছিল, বিমানে হাইজ্যাকের হুমকি পাওয়া গেলে উড়ান বাতিল হয়ে যাবে। ফলে তাঁকেও আর আফ্রিকায় যেতে হবে না। সেই উদ্দেশ্যেই বিমানের শৌচাগারে হুমকিবার্তা রেখে আসেন তিনি। ঘটনার কথা স্বীকার করার পর পার্থপ্রতীম নন্দীকে গ্রেফতার করা হয়েছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।